রাজশাহী নগর ছাত্রলীগের নতুন কমিটি
ছাত্রলীগের রাজশাহী মহানগর শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। রকি কুমার ঘোষকে সভাপতি ও মাহমুদ হাসান রাজীবকে সাধারণ সম্পাদক করে গতকাল বুধবার রাতে এ কমিটি ঘোষণা করা হয়।
রাজশাহী মহানগর ছাত্রলীগের সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক মীর তৌহিদুর রহমান জানান, সভাপতি পদে সাতজন এবং সাধারণ সম্পাদক পদে ১৩ জন আবেদন করেন। কেন্দ্রীয় নেতারা আওয়ামী লীগের মহানগর কার্যালয়ে ওই ২০ জনের সঙ্গে কথা বলে রাতে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
এর আগে সকাল ১০টায় রাজশাহী কলেজের শহীদ মিনার চত্বরে সম্মেলন শুরু হয়ে প্রথম অধিবেশন শেষ হয় বেলা তিনটায়। পরে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে বিকেল পাঁচটায় দ্বিতীয় অধিবেশন শুরু হয়ে রাত নয়টায় শেষ হয়।
রাজশাহী সরকারি কলেজের শহীদ মিনার চত্বরে ওই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, ছাত্রলীগে ‘আদুভাই’রা নেতৃত্ব করে না। সঠিক সময়ে নেতৃত্ব পরিবর্তন করে দেয়। বখাটে নয়, ছাত্রলীগের নেতাদের উন্নত চরিত্রের হতে হয়।
এ এইচ এম খায়রুজ্জামান বলেন, ছাত্রলীগ বাংলাদেশের রাজনীতির সূতিকাগার। এ দল থেকেই দেশের বড় বড় নেতা তৈরি হয়েছে। এ জন্য ছাত্রলীগের কর্মীদের উন্নত চরিত্রের অধিকারী হতে হবে। যদি শোনা যায়, ছাত্রলীগের কেউ কাউকে ‘ডিস্টার্ব’ করেছে, দোকানে খেয়ে টাকা দেয়নি—এ রকম সুযোগসন্ধানী ও পদের অপব্যবহারকারী অপরাধীদের অতীতেও ক্ষমা করা হয়নি, ভবিষ্যতেও করা হবে না। তিনি আরও বলেন, কিছু সংবাদমাধ্যম এবং টক শোতে আসা ‘জ্ঞানী’ ব্যক্তিরা সব সময় ছাত্রলীগের গায়ে কালিমা লেপন করতে ব্যস্ত থাকেন। কিন্তু তাঁদের জানা উচিত, ছাত্রদের হাতে প্রথম অস্ত্র তুলে দিয়েছিলেন জিয়াউর রহমান, রগ কাটার রাজনীতি শুরু করেছিল জামায়াত-শিবির।
সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, রাজশাহী মহানগর ছাত্রলীগের নেতৃত্বে যাঁরা থাকেন, তাঁরা পরবর্তীকালে দেশের রাজনৈতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।