রাজশাহী বিএনপির সম্মেলনে আবারও সংঘর্ষ, হট্টগোল
রাজশাহীতে বিএনপির নেতা-কর্মীরা আবারও নিজেদের মধ্যে সংঘর্ষে জড়ালেন। গত সোমবার থানা বিএনপির প্রতিনিধি সম্মেলনে লাঠালাঠির পর কাল জেলা বিএনপির প্রতিনিধি সম্মেলনেও তুমুল হট্টগোল হয়েছে। কেন্দ্রীয় নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের উপস্থিতিতেই কর্মীরা মঞ্চে উঠে ধাক্কাধাক্কি ও চেয়ার ছোড়াছুড়ি শুরু করেন। অনুষ্ঠান শেষে বিমানবন্দরে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের ওপর হামলা চালানো হয়।
রাজশাহী নগরের পাঠানপাড়ায় অবস্থিত উত্তরা কমিউনিটি সেন্টারে আয়োজিত সম্মেলনে সংঘর্ষের কারণে নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠান শেষ করে দেওয়া হয়। গয়েশ্বর রায় বলেন, বিএনপিতে যারা সরকারি দলের দালাল রয়েছে, তারাই এসব করছে।
একই স্থানে আগের দিন মহানগর বিএনপির প্রতিনিধি সম্মেলনে সংঘর্ষে অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হন। গতকালের অনুষ্ঠান শুরু হয় বেলা ১১টায়। জেলার ৭২টি ইউনিয়ন, ৯টি থানা ও ১৪ পৌরসভা থেকে পাঁচজন করে প্রতিনিধিকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে কার্ড দেওয়া হয়। ৪ মিনিট করে ৪৬ নেতার বক্তব্য দেওয়ার কথা ছিল। হট্টগোলের মধ্যে মাত্র তিনজন কেন্দ্রীয় নেতা কোনোমতে বক্তব্য দিয়ে দুপুর ১২টার পরপরই অনুষ্ঠান শেষ করে দেন। অনুষ্ঠান চলার কথা ছিল বিকেল চারটা পর্যন্ত।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করছিলেন সাধারণ সম্পাদক মতিউর রহমান। প্রধান অতিথি ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিশেষ অতিথি ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মিজানুর রহমান মিনু, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক ভূমি প্রতিমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার, জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত প্রমুখ।
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক রায়হানুল আলম বক্তব্য দেওয়া শুরু করতেই জেলা ছাত্রদলের একদল নেতা-কর্মী সোজা প্রধান অতিথির কাছে গিয়ে বলেন, তাঁদের নেতাদের কার্ড দেওয়া হয়নি। এ সময় আরেকটি অংশ মঞ্চের ওপর উঠে যায়। শুরু হয় কথা-কাটাকাটি থেকে ধাক্কাধাক্কি, ছোটাছুটি, চেয়ার ছোড়াছুড়ি। নিচ থেকে মঞ্চে বোতল ছুড়ে মারা হয়। কিছুক্ষণ পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে নেতারা মঞ্চে বসেন। সিদ্ধান্ত হয় শুধু কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। রুহুল কুদ্দুস তালুকদার বক্তব্য দিতে উঠতেই শুরু হয় আবারও হুড়োহুড়ি। হট্টগোলের মধ্যেই তিনি মঞ্চের সামনে দাঁড়িয়ে বক্তব্য শেষ করেন। তিনি যখন মাইক্রোফোন রাখতে যাচ্ছিলেন, তখন মিনু তাঁর হাত থেকে মাইক্রোফোন নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এরপর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মাইকে গয়েশ্বর রায়ের নাম ঘোষণা করেন। তখন মঞ্চের ওপর দাঁড়িয়ে থাকা নেতারা বসে পড়েন।
গয়েশ্বর তাঁর বক্তব্য দিতে উঠে আগের দিনের ঘটনাকে গণমাধ্যমে বড় করে দেখানোর সমালোচনা করেন। তিনি নেতা-কর্মীদের কাছে প্রশ্ন রাখেন, ‘আপনারা এ রকম গন্ডগোল করলে কি তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পারবেন, নাকি এই সরকারের পতন ঘটাতে পারবেন?’ তিনি বলেন, যারা এসব করছে তারা সরকারের কাছ থেকে কিছু পেয়ে লাভবান হতে পারেন কিন্তু বিএনপি বা দেশের জনগণ লাভবান হবে না। ইভিএমের মাধ্যমে ভোট নেওয়ার বিরোধিতা করে তিনি বলেন, রাশিয়া থেকে হ্যাকিং করে আমেরিকার ভোটের ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। এই ইভিএম দিয়ে সরকার ৫ জানুয়ারির মতো আরেকটা নির্বাচন করতে চাচ্ছে। এটা হতে দেওয়া যাবে না। তিনি ২৬ মিনিট বক্তব্য দেন।
দলীয় সূত্রে জানা গেছে, অনুষ্ঠান শেষে রাজশাহী শাহ্ মখদুম বিমানবন্দরে কেন্দ্রীয় নেতাদের তুলে দিতে যান নেতারা। সেখানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমানের ওপর হামলা হয়। মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল তাঁকে উদ্ধার করে নিয়ে আসেন। মতিউর রহমান প্রথম আলোকে বলেন, তিনি নেতাদের তুলে দিয়ে গাড়িতে উঠতে যাচ্ছিলেন, এমন সময় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক কথা বলতে বলতে একপর্যায়ে তাঁকে ধাক্কা দেন। এরপর শফিকুলের সমর্থকেরা এসে তাঁকে লাঞ্ছিত করেন।
অবশ্য শফিকুল হক প্রথম আলোকে বলেন, ‘সেখানে আমার সঙ্গে কোনো ঘটনাই ঘটেনি। মতিউর রহমান আমার বড় ভাই। কারও সঙ্গেই আমার কিছু হয়নি।’
জানতে চাইলে মোসাদ্দেক হোসেন প্রথম আলোকে বলেন, তিনি মতিউর রহমানকে উদ্ধার করে এনেছেন। কারা তাঁর ওপর হামলা করেছে, জানতে চাইলে তিনি তা বলতে চাননি।