রাজশাহী বিভাগ, রাজবাড়ী, ভোলায় আজ হরতাল
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করার প্রতিবাদে রাজবাড়ী জেলায় আজ সোমবার হরতাল পালনের ডাক দিয়েছে স্থানীয় বিএনপি। রাজশাহী বিভাগের সব জেলায় আজ সোমবার টানা দ্বিতীয় দিনের মতো হরতাল পালন করবে দলটি। বগুড়ায় এই হরতাল আরও ১২ ঘণ্টা বাড়িয়ে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়াকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ জেলায় হরতাল আহ্বান করেছে স্থানীয় বিএনপি।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা শ্রমিক দল আজ সোমবার ও কাল মঙ্গলবার কালিয়াকৈর উপজেলায় ৪৮ ঘণ্টা হরতাল আহ্বান করেছে।
এদিকে গতকাল রোববার বরিশাল ও রাজশাহী বিভাগে বিএনপির ডাকা হরতালের তেমন প্রভাব পড়েনি। চট্টগ্রামের মিরসরাইয়ে নিজেদের ডাকা হরতালে গতকাল মাঠে ছিল না উপজেলা যুবদল-ছাত্রদল।
রাজবাড়ীতে আজ সকাল-সন্ধ্যা হরতাল পালনের ঘোষণা দিয়েছে জেলা বিএনপি। গত শনিবার শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্বরে বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম ওই হরতালের ঘোষণা দেন। এ হরতালের প্রতিবাদে গতকাল বিকেলে হরতালবিরোধী মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ও পৌর শ্রমিক দল আজ থেকে উপজেলায় ৪৮ ঘণ্টা হরতাল আহ্বান করেছে। কালিয়াকৈর পৌর শ্রমিক দলের সভাপতি এ কে আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই হরতালের ডাক দেওয়া হয়।
গাইবান্ধায় বিএনপির ডাকা হরতালে জেলা শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। অফিস-আদালত, ব্যাংক-বিমা খোলা থাকলেও লোকজনের উপস্থিতি ছিল কম। শহরে রিকশা, মোটরসাইকেল, অটোরিকশা ও ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
রাজশাহী বিভাগে ডাকা বিএনপির রোববারের হরতালে ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়ার মাটিডালিতে পিকেটিংয়ের সময় ১০ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে পাঁচজনকে ১৫ দিন করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে নেতা-কর্মীদের গণগ্রেপ্তারের প্রতিবাদে নতুন করে আরও ১২ ঘণ্টা হরতালের ঘোষণা দিয়েছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘আগের ঘোষণা অনুযায়ী রাজশাহী বিভাগে সোমবার সন্ধ্যা ছয়টা থেকে হরতাল শেষ হলেও বগুড়ায় তা মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত চলবে।’
নোয়াখালীতে গতকাল জেলা বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে তেমন প্রভাব পড়েনি। গতকাল যাত্রীবাহী বাস ছাড়াও মালবাহী ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। বিএনপির নেতা-কর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামের মিরসরাইয়ে গতকাল হরতালের সমর্থনে কোথাও মিছিল-সমাবেশ হয়নি।
পিরোজপুরে গতকাল বাংলাদেশ লেবার পার্টির ডাকা আধা বেলা হরতাল পালিত হয়নি।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নোয়াখালী অফিস, রাজবাড়ী প্রতিনিধি, গাজীপুর প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি, বগুড়া প্রতিনিধি ও গাইবান্ধা প্রতিনিধি}