আসন্ন জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার পদ্ধতি চালু করেছিল নির্বাচন কমিশন। কিন্তু রাজশাহী বিভাগের আট জেলায় একজন প্রার্থীও অনলাইনে মনোনয়নপত্র জমা দেননি। রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
এ জন্য নির্বাচন কমিশনের প্রচার-প্রচারণার অভাবকেই দায়ী করছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও নির্বাচন-সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, তাঁরা যথেষ্ট প্রচার-প্রচারণা চালিয়েছেন।
বগুড়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন মকবুল হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘অনলাইনে কেউ তেমন অভ্যস্ত হয়ে ওঠেনি। এ জন্য সবাই নির্বাচন অফিসে গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছে। আমারও এখানে নির্বাচন কমিশন অফিস কাছেই, তাই অফিসে গিয়েই জমা দিয়েছি।’
রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, ‘এটা তো আমার জানাই ছিল না। এই প্রথম শুনলাম অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া যাবে।’ তিনি বলেন, ‘কমিশনের এ বিষয়ে আরও প্রচার-প্রচারণা চালানো দরকার ছিল।’
সুশাসনের জন্য নাগরিক-সুজন রাজশাহীর কো-অর্ডিনেটর সুব্রত কুমার পাল বলেন, যেহেতু প্রথমবারের মতো নির্বাচন কমিশন এই পদ্ধতি চালু করেছে, তাই তাদের আরও বেশি প্রচার-প্রচারণার প্রয়োজন ছিল। অনলাইনে জমাদানের ইতিবাচক দিকগুলো তুলে ধরে প্রচার-প্রচারণা চালালে শুধু এই নির্বাচনই নয়, আগামী নির্বাচনগুলোর জন্যও তা ফলপ্রসূ হতো।
সুব্রত কুমার পাল আরও বলেন, বর্তমান সরকারের ভিশন হচ্ছে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা। এ ক্ষেত্রে সরকারদলীয় প্রার্থীরা যদি অনলাইনে মনোনয়নপত্র জমা দিতেন, তবে সেই ভিশন বা লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে বিষয়টি ইতিবাচক দিক হিসেবে চিহ্নিত হতো। এ ক্ষেত্রে প্রার্থীদের মধ্যে সচেতনতার অভাব আছে।
রাজশাহী আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলা পরিষদ নির্বাচনে রাজশাহী বিভাগের আট জেলায় সর্বমোট ৫০৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁদের মধ্যে চেয়ারম্যান পদে ২২, সংরক্ষিত নারী সদস্য পদে ৯৪ এবং সাধারণ সদস্য পদে ৩৯০ জন।