রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ধর্মঘটে সাড়া নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আটক ১৯ নেতা-কর্মীর মুক্তির দাবিতে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে সাড়া মেলেনি। আজ সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে নির্ধারিত সূচি অনুযায়ী ক্লাস ও পরীক্ষা চলছে।

গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে নগরের মতিহার থানার পুলিশ মির্জাপুর এলাকা থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ইমতিয়াজ আহমেদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমেদ ও ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নাজমুল হকসহ ১৯ জনকে আটক করে। এঁদের মুক্তির দাবিতে রাত পৌনে ১২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আহসানুজ্জামান অলিন।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের সেকশন অফিসার ফজলুল হকের ভাষ্য, নির্ধারিত সময় অনুযায়ী আজ সকাল সাতটা ১০ মিনিট এবং সকাল আটটা ১০ মিনিটে সব রুটে বাস চলাচল করে। এরপর ধর্মঘটের কারণে বাস বন্ধ রাখা হয়েছে। তিনি বলেন, ‘প্রশাসনিক অনুমতি পেলে পরের বাস চলতে পারে।’

সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে নির্ধারিত সময়ে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি স্বাভাবিক দিনের মতোই। তবে ধর্মঘটের সমর্থনে ছাত্রদলের কোনো কর্মসূচি চোখে পড়েনি।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি আহসানুজ্জামান অলিন বলেন, ‘আমাদের নেতা-কর্মীদের আজ সকালে আদালতে পাঠানো হয়েছে। আমরা সেটা নিয়েই ব্যস্ত আছি।’ ধর্মঘটে ক্লাস-পরীক্ষার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘দুই-একটি বিভাগে হয়তো ক্লাস-পরীক্ষা হয়েছে।’

নগরের মতিহার থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, আটক নেতা-কর্মীদের সকালে আদালতে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান বলেন, ‘ক্যাম্পাসে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’