রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘জনগণ হলো ভোটের মালিক। খালেদা জিয়া আপনি জনগণের ওপর আস্থা হারিয়ে ফেলেছেন বলেই নির্বাচনবিমুখতা আপনার মধ্যে। সেই নির্বাচনবিমুখতা থেকে ফিরে আসতে হবে।’
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ২৫তম সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে জাহাঙ্গীর কবির নানক এসব কথা বলেন। দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
নির্বাচন কমিশন পুনর্গঠনে বিএনপির সঙ্গে আলোচনার প্রস্তাবের বিষয়ে জাহাঙ্গীর কবির নানক প্রশ্ন রাখেন, ‘আপনারা কারা? আপনাদের সাংবিধানিক অবস্থানটি কোথায়? কী কারণে আপনার সঙ্গে আলোচনা করতে হবে?’
উদ্বোধনী বক্তব্যে সাইফুর রহমান সোহাগ বলেন, ‘এই রাজশাহীর প্রধান দুই শত্রু হলো জামায়াত-শিবির এবং মাদক। এই দুই শক্তির বিরুদ্ধে ছাত্রলীগকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকাসক্তি একটা ব্যাধি। একে দূর করতে পড়াশোনার প্রতি নেশা বাড়াতে হবে। ভালো কাজের নেশা বাড়াতে হবে। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিদায়ী সভাপতি রাশেদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।
বিদায়ী সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় আরও বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম, স্থানীয় সাংসদ আয়েন উদ্দিন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি আবু হুসাইন, আনিকা ফারিহা জামান, জাহাঙ্গীর আলমসহ রাজশাহী মহানগর ও জেলা ছাত্রলীগের নেতারা।