রাজশাহী মহানগর আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি
সম্মেলনের প্রায় এক বছর পর রাজশাহী মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির পাশাপাশি ২১ সদস্যের উপদেষ্টামণ্ডলীর নাম ঘোষণা করেন দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক আবদুল খালেক।
গত বছরের ২৫ অক্টোবর অনুষ্ঠিত সম্মেলনে এ এইচ এম খায়রুজ্জামান লিটন সভাপতি ও ডাবলু সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তী সময়ে নতুন সভাপতি-সাধারণ সম্পাদক ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটিসহ ২১ সদস্যের উপদেষ্টার তালিকা কেন্দ্রীয় কমিটির কাছে পাঠান। সভানেত্রী শেখ হাসিনার অনুমোদনের পর গত ২৬ নভেম্বর দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের কাছে প্রেরণ করেন।
শনিবার এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে পরিচিতি সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক সাইদুর রহমান খান, রাজশাহী নাগরিক কমিটির সভাপতি ভাষাসৈনিক আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ উপস্থিত ছিলেন।