রাজশাহীতে আ. লীগ কার্যালয়ে আগুন, আটক ১৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী
রাজশাহী

রাজশাহীতে আজ সোমবার সকালে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। ককটেল ছুড়ে দলীয় বিলবোর্ড ভেঙে ফেলা হয়েছে। চারঘাটে একটি খড়ের ট্রাকে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনায় মোট ১৮ জনকে আটক করা হয়। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা ২৪টি হাতবোমা ও ১০টি পেট্রলবোমা উদ্ধারের দাবি করেছেন।
নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেনের ভাষ্য, সকাল পৌনে সাতটার দিকে ২৫-৩০ জন কালো কাপড়ের মুখোশ পরে নগরের উপশহর নিউমার্কেটের পাশে মহানগর আওয়ামী লীগের উত্তরাঞ্চলীয় শাখা কার্যালয়ে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করে। এরপর তারা মিছিল নিয়ে চলে যায়। যাওয়ার সময় তারা ‘শেখ হাসিনার গদিতে আগুন জ্বালো একসাথে’ স্লোগান দেয়। জামায়াত-শিবিরের কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে পুলিশের ধারণা। আগুনে ওই কার্যালয়ে রাখা দুটি মোটরসাইকেল, টেলিভিশন, চেয়ার-টেবিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ জাতীয় চার নেতার ছবি পুড়ে গেছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে আবদুর রশিদ দেওয়ান নামের জামায়াতের এক কর্মীসহ দুজনকে আটক করা হয়।
নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেনের ভাষ্য, ভোর ছয়টার দিকে কে বা কারা নগরের বিনোদপুর এলাকায় ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দলীয় বিলবোর্ডে ককটেল ছোড়ে। এতে বিলবোর্ডটি ভেঙে যায়। এ সময় ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের বাড়ির সামনে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম মর্ত্তুজার দাবি, সকাল সাতটার দিকে ছাত্রদলের কর্মীরা চারঘাট সদরের স্লুইসগেটের পাশে একটি খড়বোঝাই মিনিট্রাকে অগ্নিসংযোগ করেন। এ সময় তাঁরা চারটি হাতবোমার বিস্ফোরণ ঘটান। আগুনে খড়সহ ট্রাকটি পুড়ে যায়। ঘটনার পরপরই পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ট্রাকে আগুন দেওয়ার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারঘাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মিলনসহ চারজনকে আটক করেছে।

মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) ইফতেখার আলমের দাবি, রাজশাহীতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলা করার জন্য আরও দুই প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে। র‌্যাবের টহল রয়েছে। এ ছাড়া নগরজুড়ে সাদা পোশাকে গোয়েন্দা সংস্থাগুলোর সদস্যরাও মাঠে রয়েছেন। তিনি জানান, গত রোববার রাত থেকে আজ ভোর পর্যন্ত নগরের বিভিন্ন এলাকা থেকে ১২ জন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

র‌্যাব-৫-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মির্জা গোলাম সারোয়ার পিপিএমের দাবি, গোপন খবরের ভিত্তিতে গভীর রাতে র‌্যাবের একটি দল মহানগরের মেহেরচণ্ডী এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকার একটি আমবাগান থেকে ২৪টি হাতবোমা ও ১০টি পেট্রলবোমা উদ্ধার করা হয়। বোমাগুলো একটি গাছের গোড়ায় পাতা দিয়ে ঢেকে রাখা ছিল। তিনি বলেন, নগরে নাশকতা চালানোর জন্য বোমাগুলো মজুত করা হয়েছিল বলে তাঁরা ধারণা করছেন।