রাজশাহীতে আরও ১৩ মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল
আসন্ন পৌরসভা নির্বাচনে রাজশাহীতে আরও ১৩ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর আগে গতকাল শনিবার তিন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এ ছাড়া ২০ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নও বাতিল হয়েছে।
মেয়র পদে মনোনয়ন বাতিলের তালিকায় আছেন ভবানীগঞ্জ পৌরসভায় বিএনপির বিদ্রোহী প্রার্থী শাহিনুল ইসলাম শাহীন; কাটাখালী পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মঞ্জুর রহমান; দুর্গাপুর পৌরসভায় বিএনপির বিদ্রোহী প্রার্থী সৈয়দ জামাল উদ্দিন, জাতীয় পার্টির আজাহার আলী ও ওয়ার্কার্স পার্টির শামিমুল ইসলাম; তাহেরপুরে বিএনপির বিদ্রোহী পৌর ছাত্রদলের সভাপতি এস এম আরিফুল ইসলাম, যুবদলের সভাপতি আবদুল আলীম বাবু ও সামশুন্নাহার; পুঠিয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল মালেক, বিএনপির বিদ্রোহী প্রার্থী সাইফুল ইসলাম ও জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আহাদ আলী; নওহাটা পৌরসভায় মেয়র পদে মনোনয়নপত্র বাতিল হয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আফজাল হোসেন ও হাফিজুর রহমানের।
হলফনামায় স্বাক্ষর না করা, স্বতন্ত্র প্রার্থীদের জমা দেওয়া ১০০ জন ভোটারের স্বাক্ষরে মিল না থাকায় এবং ঋণ খেলাপির জন্য এসব মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন।
এর আগে গতকাল মেয়রপদে প্রার্থিতা বাতিল হয় বাঘার আড়ানীর পৌর মেয়র ও বিএনপির বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলাম, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল মতিন ও মাসুদ পারভেজ কলিন্সের।