রাজশাহীতে পুলিশ হত্যা মামলার আসামির আ.লীগে যোগদান?
রাজশাহীতে পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ হত্যাসহ একাধিক নাশকতা মামলার আসামি বিএনপি নেতা তরিকুল আলম পল্টুর আওয়ামী লীগে যোগ দেওয়া নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। স্থানীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সভাপতি তরিকুল গত মঙ্গলবার রাতে মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সাক্ষাৎ করে দলটিতে যোগ দিয়েছেন। তবে প্রথম আলোর কাছে এ খবরের সত্যতা অস্বীকার করেছেন খায়রুজ্জামান লিটন।
রাজশাহীর একটি দৈনিক পত্রিকা ও কয়েকটি অনলাইন পোর্টালে গতকাল বুধবার পল্টুর যোগদানের খবর প্রকাশিত হয়েছে। গতকাল রাত আটটার দিকে প্রথম আলোর ঢাকা কার্যালয় থেকে মুঠোফোন করা হলে খায়রুজ্জামান লিটন বলেন, ‘না, এমন কোনো ঘটনা ঘটেনি। পল্টু আওয়ামী লীগ অফিসে এসেছিলেন। এসে আওয়ামী লীগে যোগদান করতে তাঁর অভিপ্রায়ের কথা জানান। আমি বলেছি, তাঁর মামলাগুলো শেষ হলে বিষয়টি পরে বিবেচনা করা হবে। কিন্তু তিনি আওয়ামী লীগে যোগ দেননি।’ লিটন আরও বলেন, ‘ওরা ঠিক লেখেনি। একজন বিএনপি নেতা আওয়ামী লীগের অফিসে আসতেই পারেন।’
২০১৩ সালের ২৬ ডিসেম্বর রাজশাহী নগরের রাজারহাতা এলাকায় পুলিশের গাড়িতে বোমা হামলায় কনস্টেবল সিদ্ধার্থ চন্দ্র সরকারসহ নয়জন পুলিশ সদস্য আহত হন। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সিদ্ধার্থ মারা যান। এ ব্যাপারে পুলিশের দায়ের করা মামলায় তরিকুল আলমকে আসামি করা হয়। মামলার অভিযোগপত্রেও তাঁর নাম আছে। মামলাটি বর্তমানে বিচারাধীন।
বোয়ালিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদুর রহমান বলেন, তরিকুল আলম পল্টুর বিরুদ্ধে পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ হত্যাসহ নাশকতার কয়েকটি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। পরে উচ্চ আদালত থেকে জামিন নেন।
এ ব্যাপারে তরিকুল আলমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।