রাজশাহীতে প্রকাশ্যে হিযবুত তাহ্রীরের প্রচারপত্র বিতরণ
সরকার পতন সংগ্রামে দেশবাসীকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে রাজশাহীতে আবারও প্রকাশ্যে প্রচারপত্র বিতরণ করেছে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীর। গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে নগরের বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ গ্রেটার রোড জামে মসজিদের সামনে মুসল্লিদের মধ্যে তারা লিফলেট বিতরণ করে।
দেশজুড়ে জঙ্গি দমনে পুলিশের ‘সাঁড়াশি অভিযানে’র মধ্যে মাথায় কমলা রঙের ফিতা বেঁধে সংগঠনের ১৫ থেকে ২০ জন সদস্য মুসল্লিদের মধ্যে সরকারবিরোধী প্রচারপত্র বিতরণ করে নির্বিঘ্নে চলে যাওয়ার পর সেখানে পুলিশ যায়। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও রাজপাড়া থানার সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বলেন, পুলিশ খবর পেয়েই সেখানে অভিযান চালায়। তবে পুলিশ পৌঁছার আগেই তারা পালিয়ে যায়। তাদের খুঁজে বের করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, জুমার নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তারা মসজিদ থেকে বের হয়ে মাথায় কমলা রঙের ফিতা বেঁধে নেয়। এরপর মসজিদের তিনটি ফটকে দাঁড়িয়ে তারা প্রচারপত্র (লিফলেট) বিতরণ শুরু করে। এ সময় তিন ফটকে তিনজন ভিডিওচিত্র ধারণ করে। তাদের একজন প্রচারপত্রটি উচ্চ স্বরে পড়ে শোনায়। এ সময় তারা মসজিদের পাশের রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে দেয়। প্রায় ২০ মিনিট ধরে প্রচারপত্র বিতরণ করে তারা চলে যায় ।
প্রচারপত্রে লেখা ছিল ‘শেখ হাসিনার যুলুমের শাসন এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে হিযবুত তাহরীর, উলাইয়াহ্ বাংলাদেশ-এর পক্ষ থেকে জাতির উদ্দেশ্যে বিশেষ আহ্বান।’ তার নিচে লেখা রয়েছে ‘হে দেশবাসী! এই যালিম সরকারের পতনের সংগ্রামে ঝাঁপিয়ে পড়ুন এবং পৃথিবীর বুকে একটি সম্মানিত ও ক্ষমতাশীল নেতৃস্থানীয় জাতিকে পরিণত হতে খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করুন।’
এর আগে হিযবুত তাহরীর ১০ জুন জুমার নামাজের পর নগরের উপশহর কেন্দ্রীয় জামে মসজিদে একইভাবে প্রচারপত্র বিতরণ করে। এ সময় স্থানীয় আওয়ামী লীগের একজন নেতা তাদের একজনকে ধরে ফেললেও তারা ছিনিয়ে নিয়ে চলে যায়। ২০০৯ সালের ২২ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘জননিরাপত্তার স্বার্থে’ দলটিকে নিষিদ্ধ করে।