রাজশাহীতে যুবদলের ৭০ নেতা-কর্মীর একযোগে পদত্যাগ
দীর্ঘ ১১ বছর পর কাউন্সিল ছাড়াই নবগঠিত রাজশাহী মহানগর যুবদলের কমিটিকে অযোগ্য, ত্রুটিপূর্ণ, কর্মী সমর্থনহীন আখ্যা দিয়ে একযোগে সংগঠনটির ৭০ জন নেতা-কর্মী পদত্যাগ করেছেন। গতকাল সোমবার নগরের কাদিরগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে সন্ধ্যা ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত রুদ্ধদ্বার বৈঠক, বাগ্বিতণ্ডা ও হইচই শেষে এ সিদ্ধান্ত নেন যুবদলের নেতা-কর্মীরা।
বৈঠক শেষে ওই কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নবগঠিত মহানগর কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি সাহানুল ইসলাম। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, স্বেচ্ছাচারিতার মাধ্যমে গঠিত নতুন রাজশাহী মহানগর যুবদল কমিটির সভাপতিমণ্ডলী, সম্পাদকমণ্ডলী ও নির্বাহী সদস্যরা কমিটিকে প্রত্যাখ্যান করে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, ১৯ আগস্ট অগণতান্ত্রিক উপায়ে ১৬৯ সদস্যবিশিষ্ট যুবদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। কিন্তু কমিটি ঘোষণার আগে মহানগরের চার থানা কমিটির কোনো নেতা; আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও সাবেক যুবদল সভাপতি রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেনের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। যুবদলের নেতা-কর্মীদের দাবি, নতুন ঘোষিত কমিটি ভেঙে দিয়ে আবার কমিটি গঠন এবং মোসাদ্দেক হোসেনকে দলে সম্মানজনক পদ দেওয়া হোক। দাবি না মানা হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
চার ঘণ্টা ধরে চলা ওই বৈঠক থেকে বের হয়ে যান রাজশাহী সিটি করপোরেশনের বিএনপিপন্থী চার ওয়ার্ড কাউন্সিলর। তাঁরা হচ্ছেন রবিউল আলম, নূরুজ্জামান, বজলুর রহমান ও মনির হোসেন। তাঁরা সবাই যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এ ছাড়া মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদও সংবাদ সম্মেলনের আগে বৈঠক থেকে বের হয়ে যান। বেরিয়ে যাওয়ার সময় শুধু বলেন, তাঁরা পদত্যাগ করবেন না।