
রাজশাহী মহানগর বিএনপির প্রতিনিধি সম্মেলনে গতকাল সোমবার দলীয় নেতা-কর্মীদের মধ্যে লাঠালাঠি হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হন। একই দিনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সম্মেলনে হই–হট্টগোল ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে।
রাজশাহী নগরের পাঠানপাড়া এলাকায় একটি কমিউনিটি সেন্টারে সম্মেলনের আয়োজন করা হয়। মহানগর যুবদলের সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে বিকেল পৌনে চারটার দিকে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য মিজানুর রহমান, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি প্রতিমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত প্রমুখ।
প্রত্যক্ষদর্শী নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে, জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের পর নেতারা মঞ্চে গিয়ে বসেন। মোসাদ্দেক হোসেন স্বাগত বক্তব্য দেন। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন। বিকেল পৌনে পাঁচটার দিকে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানকে বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে আহ্বান করা হয়। এ সময় মঞ্চে অতিথি ছাড়াও কিছু নেতা-কর্মী ভিড় করছিলেন। মাহফুজুর রহমান মঞ্চে উঠেই তাঁদের নিচে নেমে যাওয়ার জন্য অনুরোধ করেন। এ নিয়ে তাঁর সঙ্গে ওই নেতা-কর্মীদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মঞ্চের নিচে থাকা নেতা-কর্মীরাও তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। এই পরিস্থিতিতে ছাত্রদলের এক কর্মী যুবদলের এক কর্মীকে চড় মারেন। এ ঘটনাকে কেন্দ্র করে নেতা-কর্মীরা পাল্টাপাল্টি হাতাহাতি শুরু করেন। এ সময় মোসাদ্দেক হোসেন মঞ্চ থেকে নেমে নেতা-কর্মীদের শান্ত করে বাইরে পাঠিয়ে দেন। কিন্তু বাইরে গিয়ে এক পক্ষ অন্য পক্ষের দিকে তেড়ে যায়। কমিউনিটি সেন্টারের বাইরে রাস্তায় এক পক্ষ অন্য পক্ষের নেতা-কর্মীদের বাঁশ দিয়ে পেটাতে থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কয়েকজনকে ঘটনাস্থল থেকে আটক করে।
আহত কর্মীদের মধ্যে অন্তত দুজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। অন্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এই পরিপ্রেক্ষিতে সংক্ষিপ্ত করে অনুষ্ঠান শেষ করা হয়। গয়েশ্বর চন্দ্র রায় সংক্ষিপ্ত বক্তব্যে নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা নিজেদের মধ্যেই মারামারি করতে পারেন, আওয়ামী লীগের সঙ্গে করেন না।’ আগামী নির্বাচন সম্পর্কে তিনি বলেন, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন নয়, আবার খালেদাকে বাদ দিয়েও কোনো নির্বাচন নয়। ১৩টা মামলা নিয়ে শেখ হাসিনা প্রধানমন্ত্রিত্ব করছেন। তাঁকে এক দিনও আদালতে যেতে হয় না। কিন্তু খালেদা জিয়াকে প্রতি মাসে যেতে হয়। তিনি আরও বলেন, ভিশন ২০৩০ বাস্তবায়িত হলে আইন সবার জন্য সমান হবে।
নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একাধিক নেতা-কর্মী বলেন, গতকাল দুপুরে নগরের একটি রেস্তোরাঁয় দলীয় নেতা-কর্মীরা যখন বক্তাদের তালিকা তৈরি করছিলেন, তখনই সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। এর জের ধরে অনুষ্ঠানস্থলে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। যুবদলের পদবঞ্চিত নেতারাই এতে নেতৃত্ব দেন। কয়েক মাস আগে যুবদলের নতুন কমিটি হয়েছে। সেই কমিটি থেকে বাদ পড়া নেতারা আগে থেকেই আন্দোলন করে আসছিলেন।
কুমিল্লায় হট্টগোল
এদিকে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে গতকাল তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের নিয়ে প্রতিনিধি সম্মেলন হয়েছে। এতে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বিএনপির দুই নেতার অনুসারীদের মধ্যে হট্টগোল হয়। পরে দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। কেন্দ্রীয় ও জেলা নেতারা পরে পরিস্থিতি সামাল দেন। কুমিল্লা নগরের ধর্মসাগরপাড়ে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শামসুজ্জামান দুদু। অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, সাবেক সাংসদ জাকারিয়া তাহের, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদ ইয়াসিন প্রমুখ।
প্রায় সব বক্তাই দলকে গতিশীল করার আহ্বান জানান। একপর্যায়ে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও সদর দক্ষিণ) আসনের সাবেক সাংসদ আবদুল গফুর ভূঁইয়া ও ২০০৮ সালের নির্বাচনে ওই এলাকার বিএনপির প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার অনুসারীদের মধ্যে হই–হট্টগোল শুরু হয়। আবদুল গফুর ভূঁইয়া যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন মোবাশ্বেরের অনুসারীরা প্রতিবাদ জানান। গফুর ভূঁইয়া বলেন, কেন বিএনপির সাধারণ সম্পাদক, সহসভাপতি, সাংগঠনিক সম্পাদকেরা দল ছেড়ে আওয়ামী লীগে যোগ দিলেন, তা নাঙ্গলকোটবাসী জানতে চায়। তখনই মোবাশ্বেরের অনুসারীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।
নেতা-কর্মীদের উদ্দেশে শামসুজ্জামান বলেন, কুমিল্লা বিএনপির ঘাঁটি। সিটি করপোরেশন নির্বাচনে সেটি আবারও প্রমাণিত হলো। আগামী নির্বাচনে বিএনপিকে ঘুরে দাঁড়াতে হলে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে। এ জন্য সব ধরনের বিভেদ ও দ্বন্দ্ব পরিহার করতে হবে। এখন থেকেই নেতা-কর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার তথা বিএনপির ভিশন ২০৩০ বাস্তবায়নে কাজ করতে হবে।