রাজশাহীতে হরতালের সমর্থনে মিছিল, সংঘর্ষ, ধাওয়া

রাজশাহীতে গতকাল বিকেলে হরতালের সমর্থনে মিছিল বের করলে পুলিশের সঙ্গে বিএনপি, ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষ হয়েছে। অপরদিকে মহানগর মহিলা লীগের সম্মেলন উপলক্ষে বের করা মিছিলে পেছন থেকে ছাত্রদলের হামলার অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে বিএনপি নগরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নগরের ভুবন মোহন পার্কে সমাবেত হতে থাকে। পার্কেই তারা সমাবেশ করে। কিন্তু সেখান থেকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে বিএনপির নেতারা মিছিল ছাড়াই সেখান থেকে বের হয়ে রাজশাহী কলেজের সামনে গিয়ে তিনটি অটোরিকশা ভাঙচুর করেন। পুলিশ বাধা দিলে তাঁরা পুলিশকে লক্ষ্য করে দুটি ককটেল ছোড়েন। এ সময় সংঘর্ষ রাজশাহী কলেজের সামনে থেকে নগরের সোনাদীঘির মোড় পর্যন্ত এলাকায় ছড়িয়ে পড়ে। পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করলে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান।
এ ঘটনার কিছুক্ষণ পর নগরের রাজারহাতা এলাকায় ছাত্রশিবির ও ছাত্রদলের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সেখানে পুলিশের সঙ্গে ছাত্রলীগও যোগ দেয়। তাদের মধ্যে কিছুক্ষণের জন্য ধাওয়া-পাল্টাধাওয়া হয়।
বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, বিএনপির নেতা-কর্মীরা ভাঙচুর শুরু করলে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু বলেন, ‘পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছে। আমরা মিছিল-সমাবেশ দুটোই করেছি।’ তিনি আরও বলেন, ‘পুলিশ শখ করে রাবার বুলেট, টিয়ার শেল নিক্ষেপ করেছে।’
এদিকে রাজশাহী মহানগর মহিলা লীগের সম্মেলন উপলক্ষে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের স্ত্রী শাহীন আক্তারের নেতৃত্বে বিকেল পাঁচটার দিকে নগরের কুমারপাড়ার মোড়ে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। শাহীন আক্তার অভিযোগ করেছেন, মিছিলটি সোনাদীঘির মোড় হয়ে ফেরার সময় মণিচত্বর এলাকায় পেছন থেকে ছাত্রদল হামলা করে। এতে তাঁদের ওয়ার্ড পর্যায়ের দুই সভানেত্রীসহ পাঁচজন আহত হয়েছেন।