রাজশাহীতে ২০ দলের সভায় ১২ দলই অনুপস্থিত
রাজশাহীতে ২০-দলীয় জোটের সমন্বয় সভায় ১২টি দলের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। আজ শনিবার রাজশাহী নগরের কাদিরগঞ্জ এলাকার একটি কমিউনিটি সেন্টারে এই সভার আয়োজন করা হয়।
সভায় বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণতান্ত্রিক পার্টি, এলডিপি, ডেমোক্রেটিক লীগ, এনডিপি, ইসলামী ঐক্যজোট ও খেলাফতে মজলিসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুপস্থিত ১২ দলের নেতাদের কি ঠিকমতো ডাকা হয়নি?—জানতে চাইলে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বলেন, ‘ওদের কর্মীরা এসেছিল। কিন্তু মহানগরের প্রতিনিধিত্ব করার মতো গুরুত্বপূর্ণ নেতা হয়তো এই পর্যায়ে নেই। সেজন্যই আসেনি।’
সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও রাজশাহী মহানগর ২০-দলীয় জোটের আহ্বায়ক মিজানুর রহমান মিনু। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের আমির আতাউর রহমান, সাধারণ সম্পাদক ও ২০-দলীয় জোটের রাজশাহী মহানগরের সদস্যসচিব আবুল কালাম আজাদ, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল প্রমুখ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তীব্র আন্দোলন গড়ে তুলে সরকারকে উত্খাতের প্রস্তুতি নিতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘কোনো অগণতান্ত্রিক সরকারই বাংলাদেশে টিকে থাকেনি। আওয়ামী লীগ সরকার জোর করে ক্ষমতায় এসেছে এবং তারা জোর করেই ক্ষমতায় থাকতে চায়। তারা যেসব অন্যায়, অনাচার, দুর্নীতি করেছে, তা ঢাকার জন্যই ক্ষমতা ছাড়তে ভয় পায়।’ তিনি বলেন, কোনো সরকারই শেষ সরকার নয়, ৪০ বছরে বাংলাদেশে অনেক সরকার এসেছে, অনেক সরকার চলে গেছে। অনেক রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর নাম মানুষ ভুলে গেছে।
নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা সন্ত্রাসীদের দল নই। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকারের উত্খাতের আন্দোলন সফল করব। ইয়াহিয়াকে করেছি, এরশাদকে করেছি, শেখ হাসিনাকেও করেছি। খালেদা জিয়ার নেতৃত্বে আবার এ সরকারকে উত্খাত করতে পারব।’ তিনি বলেন ‘দেশ এখন অনির্বাচিত একটি সরকারের অধীনে পরিচালিত হচ্ছে। এখন যাঁরা সংসদে আছেন, তাঁরা সবাই অনির্বাচিত। আর গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো অনির্বাচিত সরকার দিয়ে দেশ চলতে পারে না। তারা জোর করে ক্ষমতায় টিকে আছে। তাই গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়েই তাদের বিদায় করতে হবে।’
বিএনপির এই নেতা অভিযোগ করেন, সরকারি পৃষ্ঠপোষকতায় খুন, মিথ্যা মামলা ও বিচারের নামে প্রহসন চলছে। সরকার জোর করে ক্ষমতায় থাকতে গিয়ে নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। প্রশাসনিক বাহিনীও জড়িয়ে পড়ছে নানা অপরাধে। নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় একটি বিশেষ বাহিনীর সদস্যরা নিজেদের সম্পৃক্ততা আদালতে স্বীকার করেছে। মানুষ যাতে সুবিচার না পায়, সে জন্য বিচার বিভাগ দলীয়করণ করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।