২০১১ সালের নভেম্বরে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে রাজশাহীর উন্নয়নে ১৪ দফা দাবি তুলেছিল রাজশাহী আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সেই ১৪ দফা দাবির মধ্যে দুই দফা বাস্তবায়নের পথে। বাকি ১২ দফা এখনো পূরণ হয়নি। ১৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকে ঘিরে আরও উন্নয়ন দাবি তুলে ধরার প্রস্তুতি গ্রহণ করছে নগর আওয়ামী লীগ। এসব দাবির বিষয়ে নতুন কোনো প্রতিশ্রুতি দেবেন কি না তা নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন নেতা-কর্মীরা।
১৪ সেপ্টেম্বর সকালে রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি নগরের উপকণ্ঠ হরিয়ান সুগার মিল মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। সেখান থেকে তিনি রাজশাহীর বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৪ নভেম্বর রাজশাহীর মাদ্রাসামাঠে মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও রাজশাহীর সংসদ সদস্যরা যৌথভাবে ১৪ দফা দাবি তুলে ধরেন। এই দাবিগুলোর মধ্যে ছিল রাজশাহী মেডিকেল কলেজকে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, রাজশাহী অঞ্চলকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘোষণা, রাজশাহীর ঐতিহ্যবাহী মৃতপ্রায় রেশমশিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে সরকারি পৃষ্ঠপোষকতা, উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন-গঙ্গা ব্যারেজ নির্মাণ-পদ্মা নদীতে ক্যাপিটাল ড্রেজিং, রাজশাহীতে শেখ রাসেল স্মৃতি শিশু হাসপাতাল নির্মাণ, ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) স্থাপন, ভেটেরিনারি কলেজ ও পোলট্রি ইনস্টিটিউট স্থাপন, আইটি ভিলেজ স্থাপন, আধুনিক মিলনায়তনসহ কালচারাল সেন্টার স্থাপন, রাজশাহী পর্যটন মোটেলকে তিন তারকা হোটেলে উন্নীতকরণ, রাজশাহী শহর রক্ষা বাঁধের পশ্চিমে দুই কিলোমিটার সম্প্রসারণ, রাজশাহী-ঢাকা ননস্টপ আন্তনগর ট্রেন চালু এবং রাজশাহীতে পূর্ণাঙ্গ টিভি স্টুডিও স্থাপন।
ওই জনসভায় প্রধানমন্ত্রী এসব দাবির বিষয়ে সরাসরি কোনো প্রতিশ্রুতি দেননি। তবে দাবিগুলোর মধ্যে রাজশাহীতে হাইটেক পার্ক স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। ১৪ সেপ্টেম্বর হাইটেক পার্কে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিও পূরণ হয়েছে। ইতিমধ্যে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থী ভর্তির লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে।
বাকি ১২টি দাবির মধ্যে দুটি পরিকল্পনা পর্যায়ে আছে। ২০১০ সালে তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় রাজশাহীতে পূর্ণাঙ্গ টিভি স্টেশন প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত হয়েছিল। এরপর বাংলাদেশ টেলিভিশন ও তথ্য মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা রাজশাহী সফর করে টেলিভিশন কেন্দ্র স্থাপনের বিষয়ে সম্ভাব্যতা যাচাই-বাছাই করেন। কিন্তু এখন পর্যন্ত সেটি আলোর মুখ দেখেনি। রাজশাহীতে ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের বিষয়টি ভূমি অধিগ্রহণ পর্যায়ে আছে। এখনো মূল কার্যক্রম শুরু হয়নি। বাকি ১০ দফা দাবির বিষয়ে এখনো কোনো অগ্রগতি হয়নি।
নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং আইটি ভিলেজ স্থাপনের দাবি পূরণ হয়েছে। রাজশাহীতে শিল্পাঞ্চল স্থাপন, শিশু হাসপাতাল স্থাপন, বিকেএসপি প্রতিষ্ঠার বিষয়ে অনেক অগ্রগতি হয়েছে। আমাদের দাবিগুলোর মধ্যে অর্ধেকের বেশি বাস্তবায়ন হয়েছে বা বাস্তবায়নের পথে।
প্রধানমন্ত্রীর এবারের সফর ঘিরে উন্নয়নের নতুন দিগন্ত সূচনা হবে বলে আশায় বুক বাঁধছেন রাজশাহী আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ১৪ সেপ্টেম্বর তিনি রাজশাহীতে ১৬টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ ছাড়া আরও কয়েকটি উন্নয়নকাজের উদ্বোধন করবেন বলে আওয়ামী লীগ সূত্রে জানা গেছে। জনসভা থেকে রাজশাহীর উন্নয়নে নতুন কী প্রতিশ্রুতি এবং আগামী সিটি নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে প্রধানমন্ত্রী কী নির্দেশনা দেন তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।