নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ৩০ লাখ শহীদের রক্তে অর্জিত স্বাধীন দেশের পতাকা রাজাকারদের হাতে তুলে দিয়েছিলেন খালেদা জিয়া। বঙ্গবন্ধুর খুনি ও জাতীয় চার নেতার হত্যাকারীদের লালন করেছিলেন জিয়াউর রহমান। যারা জয় বাংলায় বিশ্বাস করে না, তারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না।
গতকাল মঙ্গলবার চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের মাঠে বিজয় মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৭ ডিসেম্বর এই মাঠে সাত দিনব্যাপী বিজয় মেলা শুরু হয়েছে।
নৌপরিবহনমন্ত্রী বলেন, ষড়যন্ত্রকারীরা শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রে এখনো লিপ্ত রয়েছে। আর খালেদা জিয়া সেই ষড়যন্ত্রে নেতৃত্ব দিচ্ছেন।
সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ। তিনি বলেন, কারও বাঁশি বাজিয়ে এ দেশ স্বাধীন হয়নি। এ দেশের স্বাধীনতার জন্য অনেক ত্যাগ ও রক্তক্ষরণ হয়েছে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি আবদুল মান্নান।