রাজাকারমুক্ত বিএনপি চান নেতা-কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে বিএনপির সমাবেশে নেতা–ক​র্মীরা l ছবি: প্রথম আলো
চট্টগ্রামে বিএনপির সমাবেশে নেতা–ক​র্মীরা l ছবি: প্রথম আলো

আবদুল্লাহ আল নোমানকে বিএনপির ‘দুর্দিনের কান্ডারি’ উল্লেখ করে তাঁকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবি চট্টগ্রামের নেতা-কর্মীরা। একই সঙ্গে তাঁরা বিএনপিকে রাজাকার ও ভারতীয় এজেন্টমুক্ত করার দাবি জানান। গতকাল শনিবার বিকেলে নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবন চত্বরে ‘চট্টগ্রাম, বিএনপি পরিবার’-এর ব্যানারে এ সমাবেশ হয়। নগরের ৪০টি ওয়ার্ড থেকে নোমানের অনুসারী হিসেবে পরিচিত দুই হাজারের বেশি নেতা-কর্মীরা সমাবেশে যোগ দেন।
তবে সমাবেশে আবদুল্লাহ আল নোমান উপস্থিত ছিলেন না। বিএনপির নবগঠিত কমিটিতে তাঁকে ভাইস চেয়ারম্যান পদ দেওয়া হয়েছে। এর আগের কমিটিতেও তিনি একই পদে ছিলেন। চট্টগ্রামের নেতা-কর্মীরা বলছেন, নতুন কমিটিতে নোমানকে মূল্যায়ন করা হয়নি।
গতকালের সমাবেশে চট্টগ্রাম নগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এ সবুর বলেন, দলের জন্য কাজ করলে অবমূল্যায়ন হতে হয়। আর ঘরে বসে থাকলে বড় পদ পাওয়া যায়। তিনি বলেন, ‘আমরা বিএনপিকে রাজাকার ও ভারতীয় এজেন্টমুক্ত দেখতে চাই। দলের ভেতরে প্রকৃত জাতীয়তাবাদী শক্তির নেতৃত্ব চাই। তাই আবদুল্লাহ আল নোমানকে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্তি করার দাবি জানাচ্ছি। নইলে পরিস্থিতি বুঝে আমরা আগামী দিনে পরবর্তী কর্মসূচি দেব।’
সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রমবিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক সাংসদ কবির চৌধুরী। বক্তৃতা করেন চট্টগ্রাম নগর বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক যুগ্ম সম্পাদক এম এ সবুর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক সিদ্দিক আহমেদ চৌধুরী, উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি এম এ হালিম, নগর ছাত্রদলের সাবেক দুই সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ও আহমেদুল আলম চৌধুরী রাসেল, নগর যুবদলের সভাপতি কাজী বেলাল, নগর ছাত্রদলের সভাপতি গাজী মো. সিরাজউল্লাহ প্রমুখ।
সমাবেশে সাবেক সাংসদ কবির চৌধুরী বলেন, ‘চেয়ারপারসনের কাছে অনুরোধ করব, আপনি (খালেদা জিয়া) নোমানকে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করুন। কারণ, নোমান মুক্তিযোদ্ধা।’
নগর বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘আবদুল্লাহ আল নোমান স্থায়ী কমিটিতে জায়গা না পাওয়ায় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি সিদ্দিক আহমেদ চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম বিএনপিকে একটি জায়গায় নিয়ে এসেছেন আবদুল্লাহ আল নোমান। অথচ স্থায়ী কমিটিতে তাঁর জায়গা হয়নি। আমরা ম্যাডামকে অনুরোধ করব, নোমান ভাইকে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করুন।’
নোমানের অনুসারী নগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘নোমান ভাইকে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবিতে আমরা ধীরে ধীরে কর্মসূচি দিয়ে এগিয়ে যাব।’