রাত জেগে লাঠি হাতে পাহারা দিতে কর্মীদের প্রতি আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাঠি হাতে রাত জেগে পাহারা দিতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। একই সঙ্গে পেট্রলবোমা ও ককটেল বহনকারীদের দেখামাত্রই লাঠিপেটা করার নির্দেশ দিয়ে সাবেক এই মেয়র বলেছেন, এতে নাশকতাকারীর কিছু হলে প্রয়োজনে তিনি নিজেই ফৌজদারি মামলার হুকুমের আসামি হবেন।
গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় নগর চট্টগ্রামে আওয়ামী লীগের দলীয় কার্যালয় দারুল ফজল মার্কেট চত্বরে হরতালবিরোধী এক সমাবেশে মহিউদ্দিন চৌধুরী এসব কথা বলেন। মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে নগর আওয়ামী লীগের সহসভাপতি সুনীল সরকার, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।
সমাবেশে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘লাঠি হাতে নিয়ে তোমরা রাতভর রাস্তায় পাহারা বসাবে। কেউ বোমা হামলা করতে এলে তাকে ধরে লাঠিপেটা করবে। আমি আজ ঘোষণা দিলাম, লাঠিপেটায় কিছু হলে সব দায়িত্ব আমার। প্রয়োজনে আমি ফৌজদারি মামলার হুকুমের আসামি হব। কিন্তু বোমা হামলাকারীদের রেহাই নেই। ওদের নির্মূল করতেই হবে।’
চট্টগ্রামের সাবেক এই মেয়র অভিযোগ করেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বোমা হামলাকারীদের উসকে দিচ্ছেন। এই হামলা থেকে আড়াই বছরের শিশুও বাদ পড়ছে না। এই বর্বরতা বন্ধ করতে হবে।
যুবলীগের সমাবেশ: নগর যুবলীগ জমিয়াতুল ফালাহ মসজিদের পাশে মিছিল ও সমাবেশ করে। সেখানে বক্তৃতা করেন মহিউদ্দিন চৌধুরী। পরে লাঠি মিছিল বের করে যুবলীগ। মিছিলটি প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। প্রেসক্লাবের সমাবেশে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরউদ্দিন বক্তৃতা করেন।
জমিয়াতুল ফালাহ মসজিদের পাশে অনুষ্ঠিত সমাবেশে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘বোমাবাজদের আমরা চিনি। ওদের তালিকা আমাদের কাছে আছে। ওরা সন্ত্রাসের চেষ্টা করলে লাঠি দিয়ে দমন করতে হবে।’
এ ছাড়া বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ দুপুর সাড়ে ১২টায় ওয়াসার মোড়ে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন করে।
গতকাল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নগরের ২১টি মোড়ে আওয়ামী লীগের উদ্যোগে হরতালবিরোধী সমাবেশ হয়।