রাতে খালেদার সঙ্গে দেখা করবেন কুমিল্লার মেয়র
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আজ মঙ্গলবার রাত নয়টায় তাঁর গুলশান কার্যালয়ে দেখা করবেন কুমিল্লা সিটি করপোরেশনের নতুন মেয়র মো. মনিরুল হক সাক্কু। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি সাজ্জাদুল কবীর প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সাজ্জাদুল কবীর জানান, ইতিমধ্যে মেয়র ও তাঁর অনুসারীরা ঢাকায় পৌঁছেছেন। মেয়রের সঙ্গে তাঁর স্ত্রী রোজা জেসমিনও থাকবেন। নবনির্বাচিত মেয়র খালেদা জিয়াকে ফুলেল শুভেচ্ছা জানাবেন।
কুমিল্লায় এবারই প্রথম দলীয় প্রতীকে মেয়র পদে নির্বাচন হয়। ২০১২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনেও মনিরুল হক মেয়র পদে জয়ী হয়েছিলেন।
সন্ধ্যায় মেয়র মো. মনিরুল হক সাক্কু বলেন, ‘দলের ৬০ থেকে ৭০ জন নেতা-কর্মী নিয়ে ম্যাডামের (বেগম খালেদা জিয়া) সঙ্গে দেখা করব। দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতা-কর্মীরা আমার সঙ্গে থাকবেন। আমার স্ত্রীও বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। দল আমাকে মনোনয়ন দিয়েছে। দল ও নেত্রীর সম্মান রাখতে পেরেছি, সে জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। রাত নয়টায় উনার সঙ্গে দেখা করতে যাব।’
গত ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থী মো. মনিরুল হক সাক্কু ৬৮ হাজার ৯৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচনে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা পান ৫৭ হাজার ৮৬৩ ভোট।