রাতে ব্যালটে সিল, সকালে কেন্দ্র স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাতে ব্যালট পেপারে সিল মারার অভিযোগে কুমিল্লার বরুড়া পৌরসভার একটি কেন্দ্রে আজ বুধবার সকালে নির্বাচন শুরুর আগেই ভোট নেওয়া স্থগিত করা হয়েছে।

পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক শিলমুরি উত্তর ইউনিয়ন পরিষদ ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে।

রিটার্নিং কর্মকর্তা ও বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন নাহার নাজিম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, যেহেতু ব্যালট পেপারে সিল মারার অভিযোগ পাওয়া গেছে, তাই কেন্দ্রটিতে ভোট শুরুর আগেই ভোট নেওয়া স্থগিত করা হয়েছে।

কেন্দ্রে দায়িত্বরত একাধিক নির্বাচনী কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীর ভাষ্য, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে বহিরাগত ব্যক্তিরা ওই কেন্দ্রে প্রবেশ করে। তারা ব্যালট পেপার ছিনিয়ে নেয়। দিবাগত রাত আড়াইটা থেকে আজ ভোর চারটা পর্যন্ত তারা নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মো. বাহাদুরুজ্জামানের পক্ষে প্রায় এক হাজার ২০০টি ব্যালট পেপারে সিল মারে। সিল মারা কিছু ব্যালট পেপার তারা বাক্সেও ঢোকায়।

প্রিসাইডিং কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, আড়াইটা থেকে চারটা পর্যন্ত নৌকা প্রতীকের পক্ষে ব্যালটে সিল মারা হয়েছে। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট দুজন কর্মকর্তাকে মারধরও করেছে দুর্বৃত্তরা।

ব্যালট পেপারে সিল মারা ও তা বাক্সে ঢোকানোর কাজে পুলিশ সহায়তা করে বলে অভিযোগ রয়েছে। নাম প্রকাশ না করে একজন পোলিং কর্মকর্তা বলেন, পুলিশের সদস্যদেরও নৌকা প্রতীকের পক্ষে ব্যালট পেপারে সিল মারতে দেখা গেছে।

পুলিশের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বহিরাগত ব্যক্তিদের হটিয়ে দিতে পুলিশ ১০টি গুলি ছোড়ে।

পুলিশের কেউ ব্যালটে সিল মেরেছে কি না—এমন প্রশ্নে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তা হারুন অর রশিদ।

ওই পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে রাত সোয়া চারটার দিকে ওই কেন্দ্রে যান তিনি। ঘটনাস্থলে গিয়ে বেশ কয়েকজনকে সমানে নৌকা প্রতীকে সিল মারতে দেখেন।

রিটার্নিং কর্মকর্তা লুৎফুন নাহার নাজিম বলেন, খবর পেয়ে ভোরে ভোটকেন্দ্রে যান তিনি। অভিযোগের পরিপ্রেক্ষিতে ভোট শুরু হওয়ার এক ঘণ্টা আগেই সকাল সাতটার দিকে কেন্দ্রটিতে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়।

কেন্দ্রটিতে ভোটারের সংখ্যা দুই হাজার ৪৪১ জন।