
রংপুর জাতীয় পার্টির (এরশাদ) দলীয় কার্যালয় গত মঙ্গলবার রাতে নতুন কমিটি নিয়ন্ত্রণে নিলেও তা ধরে রাখতে পারেনি। গতকাল বুধবার বিকেলে বিলুপ্ত কমিটির নেতা-কর্মীরা পুনরায় নিয়ন্ত্রণে নেন।
রংপুর মহানগর জাতীয় পার্টির সদস্যসচিব এস এম ইয়াসির গত মঙ্গলবার রাতে সন্ত্রাসীদের হামলায় আহত হন। এ ঘটনার জের ধরে মধ্যরাতেই জাতীয় পার্টির (এরশাদ) কার্যালয়ে হামলা চালিয়ে প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গার ছবি ভাঙচুর করা হয়। নতুন কমিটির নেতারা রাত দুইটা পর্যন্ত অবস্থান করে নতুন তালা মেরে দেন।
ইয়াসির অভিযোগ করে বলেন, ‘বিলুপ্ত জাপা নেতাদের ইন্ধনে সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। আমি বাড়ির সামনে দাঁড়ানো অবস্থায় তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন সন্ত্রাসী ছুরি দিয়ে আমার পিঠে আঘাত করে। এ সময় আমি দৌড় দিয়ে চিৎকার দিলে লোকজন ছুটে এসে আমাকে উদ্ধার করে।’
জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আবুল মাসুদ চৌধুরী বলেন, রাতের বেলা দলের একটি পক্ষ কার্যালয় নিয়ন্ত্রণে নিলেও পরবর্তী সময়ে তাদের নিয়ন্ত্রণ হাতছাড়া হয়ে যায়।
পুলিশ ও দলীয় নেতা-কর্মীরা জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শহরের জুম্মাপাড়ায় অবস্থিত জাপা নেতা ইয়াসির বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এমন সময় তিনটি মোটরসাইকেলে কয়েকজন সন্ত্রাসী এসে ধারালো অস্ত্র দিয়ে তাঁর পিঠে আঘাত করে। এ সময় তাঁর চিৎকারে এলাকার লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত ইয়াসিরকে এলাকাবাসী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
জাপা নেতা আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে রাত ১১টার দিকে নেতা-কর্মীরা জুম্মাপাড়ায় ছুটে যান। একপর্যায়ে বিক্ষুব্ধ কর্মীরা শহরের সেন্ট্রাল রোডে অবস্থিত জেলা ও মহানগর জাতীয় পার্টি কার্যালয়ে গিয়ে বোর্ডে লাগানো পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমার রাঙ্গার ছবি ভেঙে ফেলেন। এরপর তাঁরা দলের কার্যালয়ের তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দেন। রাত ১২টার দিকে শতাধিক জাপা নেতা-কর্মী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ করেন।
জেলা জাপার সদস্যসচিব, সাবেক সাংসদ ও এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার বলেন, জাপা নেতা আহত হওয়ার জের ধরে বিক্ষুব্ধ হয়ে বিলুপ্ত কমিটির নিয়ন্ত্রণে থাকা কার্যালয় নতুন কমিটির নেতা-কর্মীরা নিয়ন্ত্রণে নিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বুধবার বিকেল চারটার দিকে বিলুপ্ত কমিটির নেতা-কর্মীরা পুনরায় দলীয় কার্যালয় নিয়ন্ত্রণে নিয়েছেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, ইয়াসির আহত হওয়ার ঘটনায় এখনো কোনো মামলা হযনি। তবে জাতীয় পার্টির কার্যালয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।
জাতীয় পার্টির বিলুপ্ত কমিটির নিয়ন্ত্রণে ছিল দলীয় কার্যালয়। নতুন জেলা ও মহানগর কমিটি দলীয় কার্যালয়ে যেতে না পারায় শহরের নিউ সেনপাড়ার এইচ এম এরশাদের বাড়ি ‘স্কাইভিউ’-এর একটি অংশে ‘লাঙল’ ভবন নাম দিয়ে সেখান থেকে দলের কার্যক্রম চালিয়ে আসছে।
গত ১০ সেপ্টেম্বর এরশাদের গণমাধ্যম ও রাজনীতিবিষয়ক সচিব সুনীল শুভ রায় স্বাক্ষরিত রংপুর জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠন করা হয়। সেই সঙ্গে দলের সভাপতিমণ্ডলীর সদস্য পদ থেকে মসিউর রহমান রাঙ্গাকে বাদ দেওয়া হয়। তিনি জেলা ও মহানগর কমিটির সভাপতি ছিলেন। কমিটি পুনর্বহালের দাবিতে বিলুপ্ত কমিটির নেতা-কর্মীরা দলীয় কার্যালয় নিয়ন্ত্রণে রাখেন।