রানীশংকৈল পৌরসভা নির্বাচন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন সীমানা জটিলতার কারণে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পৌরসভা নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি একেএম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এই স্থগিতাদেশ দেন।

শরীফুল ইসলাম নামে রানীশংকৈল পৌরসভার এক কাউন্সিলর প্রার্থী সীমানা নির্ধারণ ও তা গেজেট আকারে প্রকাশ ছাড়াই নির্বাচনের তফসিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনটি করেন। গতকাল মঙ্গলবার ও আজ বুধবার ওই আবেদনের ওপর শুনানি হয়। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী নুরুল ইসলাম সুজন ও মাহফুজুল আলম।

সীমানা নির্ধারণ ও তা গেজেট আকারে প্রকাশ ছাড়াই তফসিল ঘোষণা কেন বেআইনি ঘোষণা করা হবে না?—তা জানতে চেয়ে আদালত রুলও জারি করেছেন। স্থানীয় সরকার সচিব, প্রধান নির্বাচন কমিশনার ও ঠাকুরগাঁও জেলা প্রশাসককে দুই সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

রানীশংকৈল পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসান প্রথম আলোকে বলেন, তিনি নির্বাচন স্থগিত হওয়ার খবরটি জেনেছেন। কিন্তু দাপ্তরিকভাবে তাঁর কাছে নির্বাচন স্থগিত হওয়ার কোনো চিঠি পৌঁছায়নি।