রামকৃষ্ণ মিশনে গেল বিএনপির প্রতিনিধিদল
বিএনপির একটি প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর রামকৃষ্ণ মিশনে গেছে। তারা মিশনের অধ্যক্ষ গুরু সেবানন্দের সঙ্গে কথা বলে এবং মিশনের নিরাপত্তাসহ যেকোনো দুঃসময়ে পাশে থাকার আশ্বাস দেয়।
সেখান থেকে বের হওয়ার সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, রামকৃষ্ণ মিশনে চিঠি দিয়ে হত্যার হুমকিতে দেশের জনগণ উদ্বিগ্ন। জঙ্গি ও সন্ত্রাসী গোষ্ঠী কিছু লোককে টার্গেট করে হত্যা করছে। সরকার বিরোধী দল দমনে ব্যস্ত থাকায় জঙ্গিরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। দেশে গণতন্ত্র না থাকায় সন্ত্রাস ও জঙ্গিবাদের সৃষ্টি হয়েছে। সরকার তদন্ত না করেই বিরোধী দলের ওপর দোষ দিচ্ছে।
প্রতিনিধিদলে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ড প্রমুখ।
গত বুধবার আইএসের নামে চিঠি পাঠিয়ে রামকৃষ্ণ মিশনের গুরু সেবানন্দকে ধর্ম প্রচারে নিষেধ করে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার হুমকি দেওয়া হয়।