রামকৃষ্ণ মিশনে বিএনপির প্রতিনিধিদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির একটি প্রতিনিধিদল আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর রামকৃষ্ণ মিশনে যায়। প্রতিনিধিদলের সদস্যরা মিশনের অধ্যক্ষ গুরু সেবানন্দের সঙ্গে কথা বলেন এবং মিশনের নিরাপত্তাসহ যেকোনো দুঃসময়ে পাশে থাকার আশ্বাস দেন।

রামকৃষ্ণ মিশন থেকে বের হওয়ার সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, বর্তমান ক্ষমতাসীন সরকার অবৈধ। এ কারণে দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্র না থাকায় দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের সৃষ্টি হয়েছে। বিএনপির এই নেতা বলেন, রামকৃষ্ণ মিশনে চিঠি দিয়ে হত্যার হুমকিতে সারা দেশের জনগণও উদ্বিগ্ন। জঙ্গি ও সন্ত্রাসী গোষ্ঠী কিছু লোককে টার্গেট করে হত্যা করছে। সরকার বিরোধী দল দমনে ব্যস্ত থাকায় জঙ্গিরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। সরকার কোনো তদন্ত না করেই বিরোধী দলের ওপর দোষ দিচ্ছে।

খন্দকার মোশাররফ সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে বলেন, বিরোধী দলের ওপর মিথ্যা দোষ না চাপিয়ে এ সমস্যার সমাধানের জন্য জাতীয় ঐক্য প্রয়োজন। আর একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনলে সব সমস্যার সমাধান হবে।

প্রতিনিধিদলে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ড প্রমুখ।

গতকাল সোমবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবু্র রহমান রামকৃষ্ণ মিশনে যান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকোমল বড়ুয়া।

গত বুধবার আইএসের নামে চিঠি পাঠিয়ে রামকৃষ্ণ মিশনের গুরু সেবানন্দকে ধর্মপ্রচারে নিষেধ করে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। চিঠিটি হাতে পেয়ে মিশনের অধ্যক্ষ রাজধানীর ওয়ারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।