রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন নবী ও সাধারণ সম্পাদক রাকিব হোসেনের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০০৬ সালে ৫১ সদস্যবিশিষ্ট উপজেলা ছাত্রলীগের ওই কমিটি করা হয়। কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ অধিকাংশ নেতা বিয়ে করে সংসারজীবন নিয়ে ব্যস্ত রয়েছেন। কেউ কেউ দু-এক সন্তানের বাবাও। এ নিয়ে প্রথম আলোয় ২০১২ সালে ‘বিবাহিত-সন্তানের বাবারাও রামগঞ্জ ছাত্রলীগের নেতৃত্বে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন বলেন, কমিটিটি মেয়াদোত্তীর্ণ। কার্যক্রমে গতিশীলতা ও নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে। অচিরেই নতুনদের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হবে।