লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। আওয়ামী লীগের কয়েকজন নেতা এই কাজ করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন নেতা বলেন, তাঁরা টাকা দিয়ে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ নুর জাহান বেগম মুক্তার কাছ থেকে বিদ্যুতের চাহিদাপত্র (ডিও লেটার) নিয়েছেন। গত নভেম্বর-ডিসেম্বর মাসে তিনজন নেতা দুই কিস্তিতে ১০ লাখ টাকা দেন। পরে তাঁরা ওই চাহিদাপত্র লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে জমা দেন। আর সেই টাকা তাঁরা মানুষের কাছ থেকে আদায় করছেন।
তবে অভিযোগ অস্বীকার করে সাংসদ নুর জাহান বেগম বলেছেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। কেউ এ ধরনের কাজ করলে নিন্দনীয়। আর কেন তাঁরা আমার কথা বলেছেন, এলাকায় খোঁজখবর নিয়ে দেখব।’
করপাড়া ইউনিয়নের দক্ষিণ বদরপুর, গৌরীপুর, শ্যামপুর, ভাটিয়ালপুর, ডুবরিয়া, গাজীপুর ও করপাড়া গ্রামের ৭০০ জনের বাড়িতে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার নামে গত জানুয়ারি মাসে স্থানীয় আওয়ামী লীগের নেতারা টাকা আদায় শুরু করেন। গত মাসেও টাকা তোলা হয়েছে। প্রতিটি মিটারের বিপরীতে ১০-১৫ হাজার টাকা নেওয়া হয়েছে।
একজন স্কুলশিক্ষকসহ সাতজন বাসিন্দা বলেন, উপজেলা আওয়ামী লীগের কার্যকারী কমিটির সদস্য মঈন উদ্দিন ও করপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ কয়েকজন নেতা ও পল্লী বিদ্যুতের দালাল মো. বাবুল তাঁদের কাছ থেকে এই টাকা নিয়েছেন।
মঈন উদ্দিন বলেন, ‘আমার এলাকায় প্রায় তিন কিলোমিটার বিদ্যুৎলাইনের কাজ চলছে। লাইনটি অনুমোদন করতে অনেক খরচ হয়েছে। এ জন্য গ্রাহকদের কাছ থেকে কিছু টাকা নেওয়া হবে।’
বাবুল বলেন, ‘অনেক নেতাই মিটারপ্রতি ১০-১৫ হাজার টাকা করে আদায় করছেন। আমি অল্প কিছু কাজ করাচ্ছি।’
করপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর হক বলেন, সাধারণ মানুষকে সতর্ক করতে এলাকায় মাইকিং করা হয়েছে।
রামগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয়ের উপমহাব্যবস্থাপক ইসমত কামাল বলেন, ‘করপাড়ায় বিদ্যুৎ সরবরাহের জন্য এ পর্যন্ত প্রায় ছয়-সাত কিলোমিটার লাইন টানা হয়েছে। কিছু কাজ চলমান আছে। টাকা আদায়ের বিষয়টি আমিও জেনেছি। টাকা না দিতে ফেব্রুয়ারি মাসে এলাকাবাসীকে নিয়ে আমরা সভা করেছি।’