রামগতি উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার রাতে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী বলেন, রামগতি উপজেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন বাবর ও সাধারণ সম্পাদক আরমান হোসেন অছাত্রদের নিয়ে বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠন করেন। এ ছাড়া গঠনতন্ত্র অমান্য করে বিভিন্ন সময়ে তাঁরা দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি নষ্ট করেন। এ কারণে জেলা ছাত্রলীগের জরুরি সভা ডেকে মঙ্গলবার রাতে রামগতি উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। তিনি জানান, কয়েক দিনের মধ্যে নতুন কমিটি গঠন করা হবে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ভাবমূর্তি নষ্ট করার অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিলুপ্ত কমিটির সভাপতি জহির উদ্দিন কোনো মন্তব্য করেননি।