রামগতির এক ইউনিয়নে জামায়াতের প্রার্থীকে বিএনপির সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াত-সমর্থিত প্রার্থীকে সমর্থন দিয়েছে বিএনপি।
উপজেলা জামায়াতের আমির হাফেজ আহমদ বলেন, উপজেলা জামায়াতের সিদ্ধান্ত অনুযায়ী দলীয় কর্মী মহিউদ্দিনকে স্বতন্ত্র প্রার্থী করা হয়েছে। মহিউদ্দিনের পক্ষে বিএনপিসহ স্থানীয় ২০-দলীয় জোটের সমর্থন চাওয়া হয়েছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন বলেন, কেন্দ্রের নির্দেশনা নিয়ে জামায়াত-সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিনকে বিএনপির সমর্থন দেওয়া হয়েছে। গত শনিবার ইউনিয়ন বিএনপির বর্ধিত সভায় মহিউদ্দিনকে সমর্থন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
মহিউদ্দিন বলেন, ইউপি নির্বাচনে ভোটাররা প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দলীয় পরিচয় বিবেচনায় অভ্যস্ত নন। সৎ ও যোগ্য প্রার্থীকেই তাঁরা গুরুত্ব দেবেন। এ জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটারদের মনোযোগ তাঁর দিকেই থাকবে। বিএনপিসহ ২০-দলীয় জোটের সমর্থনকেও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তিনি।
রামগতি উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নাছির উদ্দিন পাটোয়ারি জানান, চর পোড়াগাছা ইউনিয়নে মহিউদ্দিন ছাড়াও আওয়ামী লীগের মো. নুরুল আমিন (বর্তমান চেয়ারম্যান), স্বতন্ত্র প্রার্থী মো. কামাল পাশা ও রূপজান আক্তার চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই ইউনিয়নে সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
প্রথম পর্যায়ে লক্ষ্মীপুরের রামগতির দুটি ও কমলনগরের চারটি ইউনিয়নে নির্বাচন হবে। রামগতির চর পোড়াগাছা ইউনিয়ন ছাড়া বাকি সব ইউনিয়নে বিএনপি প্রার্থী দিয়েছে।