রামপাল নিয়ে একগুঁয়েমি ও কটাক্ষ করছে সরকার

কোনো যুক্তি না থাকা সত্ত্বেও রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে সরকার একগুঁয়েমির পাশাপাশি আন্দোলন নিয়ে কটাক্ষ করছে বলে মন্তব্য করেছেন তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ। আজ বুধবার সন্ধ্যায় জাতীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জাতীয় কমিটির ২৪ নভেম্বর ‘চলো চলো ঢাকায় চলো এবং ২৬ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ’ সামনে রেখে এই বিভাগীয় প্রতিনিধি সভার আয়োজন করা হয়। জিয়া স্মৃতি জাদুঘরের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় চট্টগ্রামের বিভিন্ন জেলার প্রতিনিধিরা অংশ নেন।
ইউনেসকোর প্রতিনিধিদলের সঙ্গে রামপাল নিয়ে আন্দোলনকারীদের সাক্ষাৎ করতে না দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করে আনু মুহাম্মদ বলেন, ‘ইউনেসকোর দলটিকে সরকার এমনভাবে ব্যস্ত রেখেছিল, যাতে তারা আমাদের সঙ্গে দেখা করতে না পারে। রামপালে নিয়ে গিয়ে আগে থেকে সাজানো কিছু মানুষের সঙ্গে তাদের কথা বলিয়ে দিয়েছে। কিছু আজ্ঞাবহ বিশেষজ্ঞের সঙ্গে সরকার কথা বলিয়ে দিয়েছে। কিন্তু ইউনেসকোর দলটি তাদের প্রতিবেদনে সুন্দরবনের জন্য রামপাল ক্ষতির কারণ হবে বলে মন্তব্য করেছে।’
লাঠিপেটা ও টিয়ার সেল ও দমন-নিপীড়ন চালানো হচ্ছে
আন্দোলনে বিভিন্ন বাধা প্রসঙ্গে অর্থনীতির এই অধ্যাপক বলেন, ‘২৮ জুলাই মিছিলে লাঠিপেটা ও টিয়ার সেল নিক্ষেপ করেছে। এরপর বিভিন্ন সময়ে রামপাল নিয়ে আন্দোলনে আমাদের দমন-নিপীড়ন চালানো হচ্ছে। সরকার একগুঁয়েমি করছে। যতই এগুলো করছে, ততই আন্দোলন চাঙা হচ্ছে। ২৪ নভেম্বর ঢাকায় লংমার্চ অর্থাৎ চল চল ঢাকায় চল এবং মহাসমাবেশ সফল করতে হবে।’
আনু মুহাম্মদ আরও বলেন, ‘সুন্দরবন রক্ষার আন্দোলনে গত কয়েক মাসে অনেকগুলো ঘটনা ঘটেছে। সরকার আমাদের সঙ্গে দুই দফা বৈঠক করেছে। বৈঠকের পর তাদের ভূমিকা দেখে মনে হয়েছে তারা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে না। আলোচনা ছিল লোক দেখানো। আর আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী সেদিন সংবাদ সম্মেলনে কটাক্ষ করলেন। বললেন, টাকা কোত্থেকে আসছে?’
বাঁশখালীর বিদ্যুৎকেন্দ্রের প্রসঙ্গ টেনে জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ বলেন, বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করতে গিয়ে সেখানকার ভূমি দখল করা হয়েছে। অস্বচ্ছ প্রক্রিয়ায় ভূমি অধিগ্রহণ করা হয়েছে। মানুষ যখন এসবের প্রতিবাদ করেছে, তখন গুলি করা হলো। সুন্দরবনকে রক্ষা করতেও আমাদের গণজোয়ার সৃষ্টি করতে হবে।’
গুটিকয়েক বাম ছাড়া সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলার কেউ নেই
চট্টগ্রাম বিভাগীয় কমিটি আয়োজিত সভায় ওই সভার সভাপতি কমিটির চট্টগ্রামের আহ্বায়ক কবি সাংবাদিক আবুল মোমেন বলেন, ‘রামপালের দ্বিতীয় পর্যায়ের প্রকল্প ইতিমধ্যে বাতিল ঘোষণা করেছে। এর মধ্য দিয়ে এই আন্দোলনের প্রথম বিজয় হয়েছে। জীববৈচিত্র্য এবং ওখানকার জনগোষ্ঠীর জন্যই সুন্দরবনকে আমাদের বাঁচাতে হবে।’ তিনি আরও বলেন, ‘প্রাকৃতিক বন যেমন বিপন্ন, তেমনি আমাদের রাজনীতিও বিপন্ন। গুটিকয়েক বামপন্থী মানুষ ছাড়া সাম্রাজ্যবাদী রাজনীতির বিরুদ্ধে কথা বলার কেউ নেই। জনগণের দিক থেকে আওয়াজ উঠছে না। তাই সুন্দরবন রক্ষার আন্দোলনে জনগণের সচেতনতা ও সম্পৃক্ততা বাড়াতে হবে।’
ফুলবাড়ীর মতো রামপালও ঠেকাতে হবে
বাসদের সদস্য শুভ্রাংশু চক্রবর্তী বলেন, সরকার একটা জেদ ধরে আছে। সুন্দরবন ধ্বংস করে তারা রামপাল করবে। ক্ষমতায় যারা আছে, তাদের কোনো উপলব্ধি নেই। এটা রুখতে গণজাগরণ সৃষ্টি করতে হবে। ফুলবাড়ীর আন্দোলনের মতো এই রামপাল বিদ্যুৎকেন্দ্রও ঠেকাতে হবে।
বাসদের সদস্য বজলুর রশীদ ফিরোজ বলেন, ‘দেশি-বিদেশি মুনাফালোভীদের স্বার্থের জন্য সরকার এমন আত্মঘাতী প্রকল্প করছে। সাম্রাজ্যবাদী শক্তি আমাদের মতো দেশগুলোকে শোষণ করার জন্য নানা প্রকল্প নিয়ে আসে। এ সরকার পরিবেশ রক্ষার জন্য নানা কথা বলে কিন্তু এখনো ঢাকার বুড়িগঙ্গা রক্ষা করতে পারেনি। এখন নাকি গাছ লাগিয়ে সুন্দরবন রক্ষা করবে।’
জাতীয় কমিটির চট্টগ্রামের সদস্যসচিব দেলোয়ার হোসেন মজুমদারের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন ইউনাইটেড কমিউনিস্ট লীগের নেতা আবদুস সাত্তার, জাতীয় গণফ্রন্টের টিপু বিশ্বাস, প্রকৌশলী সুভাষ বড়ুয়া, কুমিল্লা কমিটির নাসির উল হক, ফেনীর হারাধন চক্রবর্তী প্রমুখ।