
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, কোনো যুক্তি না থাকা সত্ত্বেও রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে সরকার একগুঁয়েমির পাশাপাশি আন্দোলন নিয়ে কটাক্ষ করছে।
গতকাল বুধবার সন্ধ্যায় কমিটির চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাতীয় কমিটির ২৪ নভেম্বর ‘চলো চলো ঢাকায় চলো’ ও ২৬ নভেম্বর ঢাকার মহাসমাবেশ কর্মসূচি সামনে রেখে এই প্রতিনিধি সভার আয়োজন করা হয়। চট্টগ্রাম নগরের জিয়া স্মৃতি জাদুঘরের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার প্রতিনিধিরা অংশ নেন।
চট্টগ্রাম বিভাগীয় কমিটি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কমিটির চট্টগ্রামের আহ্বায়ক কবি সাংবাদিক আবুল মোমেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাসদের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শুভ্রাংশু চক্রবর্তী, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের নেতা আবদুস সাত্তার, জাতীয় গণফ্রন্টের টিপু বিশ্বাস, প্রকৌশলী সুভাষ বড়ুয়া, কুমিল্লা কমিটির নাসির উল হক ও ফেনীর হারাধন চক্রবর্তী। সভা সঞ্চালনা করেন জাতীয় কমিটির চট্টগ্রামের সদস্যসচিব দেলোয়ার হোসেন মজুমদার।
প্রতিনিধি সভায় আনু মুহাম্মদ বলেন, ইউনেসকোর প্রতিবেদনে বলা হয়েছে, রামপাল বিদ্যুৎকেন্দ্র সুন্দরবনকে ধ্বংস করবে। তাদের চূড়ান্ত প্রতিবেদনে বিদ্যুৎকেন্দ্র প্রকল্প রামপাল থেকে সরাতে বলা হয়েছে। যদি সরানো না হয়, তাহলে ইউনেসকো বিশ্ব ঐতিহ্য থেকে সুন্দরবনের নাম বাদ দেবে। এটিকে লাল তালিকাভুক্ত অঞ্চল হিসেবে ঘোষণা করবে। এটা বাংলাদেশের জন্য ভালো হবে না। তিনি আরও বলেন, ‘রামপাল নিয়ে আন্দোলনে আমাদের ওপর দমন-নিপীড়ন চালানো হচ্ছে। সরকার একগুঁয়েমি করছে। যতই এগুলো করছে, ততই আন্দোলন চাঙা হচ্ছে।’
বাঁশখালীর বিদ্যুৎকেন্দ্র প্রসঙ্গে আনু মুহাম্মদ বলেন, ‘বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করতে গিয়ে সেখানকার ভূমি দখল করা হয়েছে। অস্বচ্ছ প্রক্রিয়ায় ভূমি অধিগ্রহণ করা হয়েছে। মানুষ যখন এসবের প্রতিবাদ করেছে, তখন তাদের গুলি করে খুন করা হয়েছে।’
আবুল মোমেন বলেন, ‘রামপালের দ্বিতীয় পর্যায়ের প্রকল্প ইতিমধ্যে বাতিল ঘোষণা করা হয়েছে। এর মধ্য দিয়ে এ আন্দোলনের প্রথম বিজয় হয়েছে। জীববৈচিত্র্য ও ওখানকার জনগোষ্ঠীর জন্যই সুন্দরবনকে বাঁচাতে হবে।’ তিনি আরও বলেন, ‘প্রাকৃতিক বন যেমন বিপন্ন, তেমনি আমাদের রাজনীতিও বিপন্ন। কিছু বামপন্থী মানুষ ছাড়া সাম্রাজ্যবাদী রাজনীতির বিরুদ্ধে কথা বলার কেউ নেই। জনগণের দিক থেকে আওয়াজ উঠছে না। তাই সুন্দরবন রক্ষার আন্দোলনে জনগণের সচেতনতা ও সম্পৃক্ততা বাড়াতে হবে।’
শুভ্রাংশু চক্রবর্তী বলেন, রামপালে বিদ্যুৎকেন্দ্র রুখতে গণজাগরণ সৃষ্টি করতে হবে। ফুলবাড়ীর আন্দোলনের মতো রামপাল বিদ্যুৎকেন্দ্রও ঠেকাতে হবে।
বজলুর রশিদ ফিরোজ বলেন, ‘এই সরকার পরিবেশ রক্ষার জন্য নানা কথা বলে। কিন্তু এখনো ঢাকার বুড়িগঙ্গা রক্ষা করতে পারেনি। এখন নাকি গাছ লাগিয়ে সুন্দরবন রক্ষা করবে।’
সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির বিবৃতি: ইউনেসকোর সর্বশেষ অবস্থান ঘোষণার পর গতকাল বিকেলে এক বিবৃতিতে জাতীয় কমিটি বলেছে, রামপালের মতো পরিবেশবিধ্বংসী ‘নিকৃষ্ট বিদ্যুৎ নয়, পরিচ্ছন্ন বিদ্যুৎ’ চাই। দেশের ৫৩টি পরিবেশবাদী সংগঠনের এই জোটের আহ্বায়ক সুলতানা কামাল ও সদস্যসচিব আবদুল মতিন স্বাক্ষরিত এই বিবৃতিতে অবিলম্বে সুন্দরবনের আশপাশে বিদ্যুৎসহ অন্যান্য ক্ষতিকর প্রকল্প বাতিলের দাবি জানানো হয়েছে।