রামপাল নিয়ে কিছু লোক রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত: আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে চক্রান্তকারীরা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। দলটির পক্ষ থেকে আজ রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে কিছু লোক রাষ্ট্রবিরোধী ও দেশদ্রোহী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।

ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আর এতে লিখিত বক্তব্য পড়ে শোনান দলের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।

সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ বলেন, ‘তথাকথিত সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির নামে সংবাদ সম্মেলনে দেশের মানুষ, এমনকি ভারতের কলকাতার মানুষকেও ভয় দেখানোর জন্য কিছু উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দেওয়া হয়েছে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামালের প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই, তিনিসহ যাঁরা পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে বলে উঁচু গলায় বলেছিলেন, তাঁদের মুখে চুনকালি পড়েছে। সেটিতে ব্যর্থ হয়ে এখন তাঁরা রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে রাষ্ট্রবিরোধী ও দেশদ্রোহী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।’

সাবেক এই মন্ত্রী আরও বলেন, জাতীয় কমিটির সংবাদ সম্মেলনে বলা হয়েছে, রামপাল বিদ্যুৎকেন্দ্রের কারণে বছরে দেড় শ শিশু মারা যাবে, ছয় শ শিশু কম ওজন নিয়ে জন্মগ্রহণ করবে, ৭০ কিলোমিটারব্যাপী নদীতে বা জলাশয়ে এমন দূষণ ছড়াবে যে সেখানকার মাছ যদি কেউ খায়, তাহলে সে অসুস্থ হয়ে পড়বে। এমন অভিযোগ ভিত্তিহীন, বানোয়াট ও গুজবনির্ভর।

ভারত হেভি ইলেকট্রিক্যালস কোম্পানিকে নরওয়ের ওয়েল ফান্ড থেকে কোনো বিনিয়োগ করা হবে না বলে পত্রিকায় প্রকাশিত এমন সংবাদ প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘ভারত হেভি ইলেকট্রিক্যাল কোম্পানি নরওয়ের ওই ওয়েল ফান্ড থেকে কোনো টাকাই চায়নি। যেহেতু টাকা চায়নি সেহেতু টাকা না দেওয়ার প্রশ্ন কেন আসবে?’

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য হাবিবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মিজানুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার সায়েন্স বিভাগের চেয়ারম্যান শফিকুল ইসলাম।