রামপাল নিয়ে খালেদার যুক্তি খণ্ডাল আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

​রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের জবাব দিয়েছে আওয়ামী লীগ। দলটির প্রচার সম্পাদক হাছান মাহমুদ আজ সোমবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে দাবি করেন, রামপাল বিদ্যুৎকেন্দ্রের কারণে সুন্দরবনের বাতাসের কোনো ক্ষতি হবে না। শব্দদূষণ কিংবা জীববৈচিত্র্যের ক্ষতি এড়াতে আধুনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

লিখিত বক্তব্যে হাছান মাহমুদ বিএনপির চেয়ারপারসনের দেওয়া বক্তব্যের ১১টি বিষয় প্রশ্ন হিসেবে উপস্থাপন করেন। একই সঙ্গে উত্তরের ঘরে আওয়ামী লীগের বক্তব্য তুলে ধরেন।

রামপাল বিদ্যুৎকেন্দ্র থেকে নির্গত কার্বন ডাই-অক্সাইড সুন্দরবনকে ধ্বংস করে ফেলবে—এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের বক্তব্য ​হচ্ছে, রামপাল বিদ্যুৎকেন্দ্র থেকে মাত্র ৮৩৬ কেজি কার্বন ডাই-অক্সাইড নির্গত হবে, যা পরিবেশের সহনীয় মাত্রার নিচে। বিদ্যুৎকেন্দ্রে উঁচু চিমনি ব্যবহারের কারণে নিঃসরিত গ্যাস সুন্দরবনের দিকে প্রবাহিত হবে না। কারণ, বছরে নয় মাস সুন্দরবনের দিকে বাতাস বইবে না এবং বাকি তিন মাসও বাতাস সুন্দরবন পর্যন্ত যাবে না।

হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া বলেছেন যে প্রতিদিন এ বিদ্যুৎকেন্দ্র থেকে ১৪২ টন সালফার ডাই-অক্সাইড এবং ৮৫ টন নাইট্রোজেন ডাই-অক্সাইড নির্গত হয়ে সুন্দরবনের বাতাসের ঘনত্ব বাড়িয়ে দেবে। প্রকৃতপক্ষে প্রতিদিন এ বিদ্যুৎকেন্দ্র থেকে মাত্র ১.৪২ টন সালফার ডাই-অক্সাইড এবং ২৪ টন নাইট্রোজেন ডাই-অক্সাইড নির্গত হবে। বায়ু সুন্দরবনের দিকে প্রবাহিত হবে না বলে ক্ষতির আশঙ্কা নেই। এ ছাড়া প্রতিবছর ৪৭ লাখ ২০ হাজার টন কয়লা পরিবহনের যে কথা বিএনপি নেত্রী বলেছেন, তা–ও ঠিক নয়।

আওয়ামী লীগের এই নেতা বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ক্ষেত্রে ‘প্রায় শূন্য নির্গমন’ নীতি অবলম্বন করা হয়। কিন্তু এ ক্ষেত্রে প্রায় নয়, একেবারে শূন্য নির্গমন নীতি অনুসরণ করা হচ্ছে। ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন ভারতের মধ্যপ্রদেশে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে গিয়ে ব্যর্থ হয়েছে—এমন বক্তব্যও সঠিক নয়। প্রকৃতপক্ষে বর্তমানে বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণকাজ চলমান এবং যথাসময়ে তা উৎপাদনে যাবে।