রামপাল নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে মিথ্যাচার করে বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। গতকাল রোববার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবে উত্তর জেলা কৃষক লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এই আলোচনা সভায় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ ছালাম, কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি আবদুল হক ও সাধারণ সম্পাদক শামসুল হক প্রমুখ বক্তব্য দেন।
হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, সেই মুহূর্তে খালেদা জিয়া উন্নয়নের গতি থামিয়ে দিতে নানা ষড়যন্ত্র করছেন। তিনি আরও বলেন, দেশের এই উন্নয়ন অগ্রগতির চাকাকে থামিয়ে দিতেই জঙ্গি হামলা হচ্ছে।
সভায় উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী বলেন, যারা রাজনৈতিকভাবে অন্য দলকে মোকাবিলা করতে পারে না, তারা জঙ্গিবাদ বা নৃশংস হত্যাকাণ্ডের পথকে বেছে নেয়। বিএনপি-জামায়াত সেই ধারার রাজনীতি করছে বলে তিনি মন্তব্য করেন।