রামপাল নিয়ে সরকার মিথ্যাচার করছে না: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: প্রথম আলো
যশোরের সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: প্রথম আলো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রামপাল বিষয়ে সরকার কোনো মিথ্যাচার করছে না। ইউনেসকো ছোট ছোট শর্ত দিয়েছে। দেশ, জনগণ ও পরিবেশের স্বার্থে সরকার সেগুলো পূরণ করবে। তিনি আরও বলেন, বিএনপির অভ্যাসই হলো মিথ্যাচার ও কান্নাকাটি করা। তারা পুরোনো সেই রেকর্ড বাজিয়েই চলেছে।

আজ রোববার সকালে দলের খুলনা বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে যশোর শহর থেকে ছয় কিলোমিটার দূরে রাজারহাট মোড়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

রামপাল বিষয়ে বিএনপির বক্তব্যের বিষয়ে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘তারা মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজাচ্ছে। আওয়ামী লীগ মিথ্যাচারের রাজনীতি করে না। যা প্রকাশ্য দিবালোকের মতো সত্য, সেই কথাটিই আমরা বলছি।’ তিনি আরও বলেন, ‘ইউনেসকো কিছু শর্ত দিয়েছে। ছোট ছোট সেই শর্ত আমরা অবশ্যই পূরণ করব। একেবারে নিষেধাজ্ঞা দিয়েছে—এটি সত্য নয়। আমরা বাধাটা জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, পরিবেশের স্বার্থে অবশ্যই সংশোধন করব।’

সড়ক নির্মাণে দুর্নীতির বিষয়ে তিনি বলেন, ‘করাপশন ইজ আ ওয়ে অব লাইফ অ্যাক্রোস দ্য ওয়ার্ল্ড! (বিশ্বব্যাপী দুর্নীতি এখন জীবনের অংশ) দুর্নীতি ছিল, কিন্তু অনেক কমিয়েছি।’

নিজ মন্ত্রণালয়ের উদাহরণ টেনে কাদের বলেন, ‘এখন টেন্ডার হয় ইলেকট্রনিক টেন্ডারের মাধ্যমে। সে কারণে এখানে কারসাজির কোনো সুযোগ নেই। সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। আমাদের প্রধানমন্ত্রী সৎ। তাঁর সততার কারণে অনেক সেক্টরে দুর্নীতি কমানো হয়েছে। সে ক্ষেত্রে এ ধরনের অভিযোগ অনেকটা অমূলক।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব পার্সেন্টেজ, কমিশন এবং প্রমোশনে কোনো অর্থ নেয় না। যদি কোনো মন্ত্রণালয়ের সচিব দুর্নীতিমুক্ত থাকেন, সে ক্ষেত্রে ওই মন্ত্রণালয়ে দুর্নীতি অটোমেটিক্যালি (এমনিতেই) ৫০ ভাগ কমে যায়।’

ওবায়দুল কাদের প্রশ্ন করেন, ‘দেশে পদ্মা সেতুর মতো মেগা প্রজেক্ট কিংবা মেট্রোরেলের প্রকল্প নিয়ে কই বিদেশিরা তো প্রশ্ন তুলছে না?’

ওবায়দুল কাদের বলেন, ‘আগের যে রাস্তা ছিল চার লেনের, এখন শেষ পর্যন্ত তা হচ্ছে আট লেনের। এর সঙ্গে যুক্ত হয়েছে সার্ভিস লেন। বিদেশিরা পূর্বের সেই চার লেনের রাস্তার হিসাব দিচ্ছে। আমরা তাদের এ বিষয়ে বুঝিয়েছি। এ ছাড়া আমাদের দেশের মাটির অবস্থাটিও বিবেচনায় রাখতে হবে। অনেক নিচু জমি উঁচু করা লাগে।’

বিএনপির আন্দোলনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তারা বসে বসে প্রেস ব্রিফিং করে আর কান্নাকাটি করে তাদের কর্মীদের জন্য কষ্ট হয় বলে। কিন্তু তারা তো আমাদের হাজার হাজার কর্মীকে হত্যা করে রক্তস্রোত বইয়ে দিয়েছে। আমাদের কাঁদতে কাঁদতে এখন চোখের পানি শুকিয়ে গেছে।’ তবে বিএনপির প্রতি এটি তাদের প্রতিশোধ নয় বলে তিনি জানান।