রামপাল প্রকল্প বাতিল না করা পর্যন্ত আন্দোলন চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা উপকূলীয় মহাসমাবেশ। আজ বৃহস্পতিবার বিকেলে খুলনার শহীদ হাদিস পার্কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: প্রথম আলো
রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা উপকূলীয় মহাসমাবেশ। আজ বৃহস্পতিবার বিকেলে খুলনার শহীদ হাদিস পার্কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: প্রথম আলো

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রসহ সব প্রকল্প বাতিল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেছে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। এরই অংশ হিসেবে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত নানা কর্মসূচির ঘোষণা দিয়েছেন কমিটির নেতারা।

আজ বৃহস্পতিবার বিকেলে খুলনার শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে জাতীয় কমিটির ডাকা উপকূলীয় মহাসমাবেশ থেকে এ ঘোষণা দিয়েছেন কমিটির নেতারা।
রামপাল বিদ্যুৎ প্রকল্পসহ সুন্দরবনবিনাশী অপতৎপরতা বন্ধ, এ অঞ্চলের মানুষের জন্য প্রকৃতিবান্ধব উন্নয়ন পরিকল্পনা এবং ঘরে ঘরে সুলভে গ্যাস ও বিদ্যুতের দাবিতে এই উপকূলীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, উপকূলীয় অঞ্চলের উন্নয়ন এবং কর্মসংস্থানের মিথ্যাচার ছড়িয়ে সরকার রামপাল প্রকল্পসহ সুন্দরবনবিনাশী অপতৎপরতা অব্যাহত রেখেছে। এসব প্রকল্পে প্রায় ৫০ লাখ মানুষ জীবনজীবিকা হারিয়ে উদ্বাস্তু হবে, পাঁচ কোটি মানুষকে প্রাকৃতিক দুর্যোগের মুখে অরক্ষিত করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হবে। তিনি বলেন, চীন, ভারত কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র আস্তে আস্তে বন্ধ করে দিয়ে নবায়নযোগ্য বিদ্যুতের দিকে যাচ্ছে। আর তাদের বাতিল প্রকল্প, বাতিল বিশেষজ্ঞরা বাংলাদেশে আসছে। রামপাল প্রকল্পে ভারতীয় কোম্পানি, এক্সিম ব্যাংক সবাই মুনাফা করবে। বাংলাদেশের ভাগে থাকবে শুধু লোকসান ও সর্বনাশ। এত বেশি দামে বিদ্যুৎ, দীর্ঘমেয়াদি ঋণ, আর সর্বোপরি বাংলাদেশের প্রধান প্রাকৃতিক প্রতিরক্ষাব্যবস্থা সুন্দরবন অনিবার্য ধ্বংস করবে।
অধ্যাপক আনু মুহাম্মদ আরও বলেন, ‘যারা সুন্দরবনের ভেতরে ও চারপাশে জমি গ্রাস করতে চায়, সেসব লোভী গোষ্ঠী, কমিশন ভোগী, আর সরকারের ভাড়াটে বিশেষজ্ঞ ছাড়া দেশে-বিদেশের বিশেষজ্ঞ এবং জনগণ সুন্দরবন রক্ষার আন্দোলনের শক্তি। সরকার সাত বছর ধরে প্রকল্পটি নিয়ে মিথ্যাচার করছে। ভয়ভীতি দেখিয়ে বিদ্যুৎকেন্দ্র-বিরোধী আন্দোলন থামানোর চেষ্টা করছে। মানুষ ভয়ভীতি উপেক্ষা করে প্রতিরোধের দুর্গ গড়ে তুলেছে। এই দুর্গই আমাদের আশাবাদী করে। প্রকৃতিবিনাশী এ প্রকল্প মানুষ মেনে নেবে না।’
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনার দলের লোকজনকে ভয়ভীতি না দেখিয়ে অভয় দিলে আপনার দলেরই ৯০ ভাগ মানুষ রামপাল প্রকল্পের বিরুদ্ধে কথা বলবে।’
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তানজিম উদ্দীন খান বলেন, সরকার রামপালের মতো সুন্দরবনবিনাশী প্রকল্প করতে গিয়ে বলছে, এসব উন্নয়নের জন্য হচ্ছে। এ উন্নয়ন ৯৯ জনকে বঞ্চিত করে একজনের উন্নয়ন। কিন্তু এই প্রকল্প নিয়ে সরকার প্রথম থেকেই কপটতা করছে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা রুহিন হোসেন প্রিন্স সমাবেশে বলেন, সুন্দরবন উপকূলের মানুষ বিদ্যুৎ চায়, তবে কম দামে এবং নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ চায়। সুন্দরবন ধ্বংস করে বেশি দামে বিদ্যুৎ কিনতে এখানকার মানুষ চায় না।
গণসংহতি আন্দোলনের সভাপতি জোনায়েদ সাকি বলেন, দেশের মানুষ এখন জটিল ও কঠিন সময় অতিবাহিত করছে। সরকার দেশ ধ্বংস করছে।
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আপনাকে ধন্যবাদ। তবে প্রকৃতি পরিবেশ মানবতা ধ্বংসকারী রামপাল প্রকল্পের কারণে একদিন এ দেশের মানুষ আপনাকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে।
কমিটির জেলা আহ্বায়ক এস এ রশীদ এবং সদস্যসচিব মোস্তফা খালিদ খসরুর সঞ্চালনায় মহাসমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় গণফ্রন্টের টিপু বিশ্বাস, বাসদের (মার্ক্সবাদী) শুভ্রাংশু চক্রবর্তী, সামছুল আলম, মোশাররফ হোসেন, শহীদুল ইসলাম, নাছির উদ্দিন প্রমুখ। মহাসমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় কমিটির খুলনার সংগঠক মনোজ দাস।
কর্মসূচি: মহাসমাবেশ কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে ২৫ এপ্রিল থেকে ২৫ জুন উপকূলীয় অঞ্চলে জেলা, উপজেলায় সভা, সমাবেশ ও গণসংযোগ। মে মাসে সরকারের ব্যয়বহুল পরিবেশ বিধ্বংসী, ঋণনির্ভর বেশি দামের বিদ্যুৎ মহাপরিকল্পনার বিপরীতে সুলভ, পরিবেশবান্ধব, ঋণ বা অপচয়মুক্ত ও দেশের ঘরে ঘরে বিদ্যুৎ সরবরাহের জন্য বিকল্প বিদ্যুৎ মহাপরিকল্পনা উপস্থাপন এবং দেশব্যাপী তা নিয়ে জনমত গঠন।
১৫ জুলাই দক্ষিণ পশ্চিমাঞ্চলে টেকসই পরিবেশবান্ধব কর্মসংস্থাননির্ভর উন্নয়নের পরিকল্পনা উপস্থাপন।
২৫ জুলাই শ্যামনগর থেকে শরণখোলা উপকূলীয় মানুষদের মানববন্ধন এবং তার সঙ্গে সংহতি জানিয়ে দেশে-বিদেশের সংহতি কর্মসূচি। ৯ সেপ্টেম্বর সুন্দরবন আন্দোলনে যুক্ত সব দেশি-বিদেশি বিশেষজ্ঞ, সংগঠন ও ব্যক্তিদের নিয়ে আন্তর্জাতিক সুন্দরবন কনভেনশন।