রামপাল প্রতিরোধে মাঠে নামার বিকল্প নেই: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দাবি করেছেন, সরকার ক্ষমতায় টিকে থাকতে অন্য দেশের স্বার্থে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। তিনি বলেন, রামপালে বিদ্যুৎকেন্দ্র প্রতিরোধে মাঠে নামার কোনো বিকল্প নেই।
আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় গয়েশ্বর এই মন্তব্য করেন। বিএনপির বন ও পরিবেশ–বিষয়ক উইং ‘সুন্দরবন: সর্বনাশের আরেক নাম রামপাল বিদ্যুৎকেন্দ্র’ শীর্ষক ওই গোলটেবিল আলোচনার আয়োজন করে।
গয়েশ্বর চন্দ্র অভিযোগ করেন, সরকার এখন দেশকে নিয়ে বাজি খেলছে। বিদ্যুতের জন্য যতটা না রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করা প্রয়োজন, তার চেয়ে বেশি প্রয়োজন ক্ষমতায় টিকে থাকার জন্য। তিনি দাবি করেন, রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র একটি পরিত্যক্ত প্রকল্প। এই ধরনের প্রকল্প ভারতে করতে পারেনি। শ্রীলঙ্কায় পারেনি। সবশেষে বাংলাদেশের ওপর এই প্রকল্প চাপানো হয়েছে।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, প্রধানমন্ত্রী বলেছেন তাঁর ওপর আস্থা রাখতে। জনগণ প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখতে পারত, যদি তিনি রাজনৈতিক বিবেচনা পরিহার করতেন, ক্ষমতায় টিকে থাকার লোভ না করে দেশের স্বার্থে কাজ করতেন। বিএনপির এই নেতা দাবি করেন, সরকার বড় বড় উন্নয়ন প্রকল্প হাতে নিচ্ছে বড় আকারে দুর্নীতি করার জন্য।
নেতা-কর্মীদের উদ্দেশে গয়েশ্বর বলেন, বিএনপি দেশের স্বার্থে রাজনীতি করে। ১০ বছর ধরে বিএনপি রাজপথে কাটাচ্ছে। আরও ২০ বছর যদি কাটাতে হলে বিএনপি কাটাবে। জনগণের লাভের জন্য কিছু করলে জনগণই বিএনপিকে বাঁচাবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির বন ও পরিবেশ–বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল। সভায় অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞানের আজিজুর রহমান, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষক আক্তার হোসেন খান প্রমুখ বক্তব্য দেন।