রামপাল বিদ্যুৎ প্রকল্প ও জঙ্গিবাদের বিরুদ্ধে কর্মসূচি দেবে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপালে বিদ্যুৎ প্রকল্পের প্রতিবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে কর্মসূচি দেবে বিএনপি। এ ছাড়া আগামী ১ সেপ্টেম্বর দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং খালেদা জিয়া ও তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষেও পৃথক কর্মসূচি ঠিক করেছে দলটি।

আজ মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে কর্মসূচির ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির মহাসচিব বলেন, ‘সুন্দরবন ধ্বংসের যে ষড়যন্ত্র চলছে, রামপালে বিদ্যুৎ প্রকল্প স্থাপনের প্রতিবাদে আমরা কর্মসূচি গ্রহণ করব। চলমান ভয়াবহ ঘটনা জঙ্গিবাদের বিরুদ্ধেও কর্মসূচি নেব।’ তবে কর্মসূচির দিনক্ষণ জানাননি।
এর আগে বেলা তিনটায় দলের অঙ্গসংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে সভা করেন নতুন কমিটির যুগ্ম মহাসচিব, সম্পাদকমণ্ডলীর সদস্যরা।
প্রায় দেড় ঘণ্টার সভা শেষে ব্রিফিংয়ে বিএনপির মহাসচিব কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে আছে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩১ আগস্ট রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা। এ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা অথবা শোভাযাত্রা করতে কর্তৃপক্ষের কাছে অনুমতি চাওয়া হবে।
এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ১ সেপ্টেম্বর সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও খালেদা জিয়ার নেতৃত্বে জিয়াউর রহমানের কবরে ফুল দেওয়া হবে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নবম কারামুক্তি দিবস উপলক্ষে ৩ মে বেলা দুইটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা হবে। ১১ সেপ্টেম্বর খালেদা জিয়ার কারামুক্তি দিবস—এ উপলক্ষে কর্মসূচি পরে জানানো হবে। ওই সময় পবিত্র ঈদুল আজহার ছুটি থাকায় ১১ সেপ্টেম্বরের আগে অথবা কয়েক দিন পিছিয়ে কর্মসূচি ঘোষণা করা হবে।

ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সাংস্কৃতিক সম্পাদক আশরাফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।