রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধে মাঠে নামবে বিএনপি: হান্নান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের কাছে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধ করতে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে মাঠে নামবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। তিনি বলেন, রামপালে এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে দেওয়া হবে না।
গতকাল রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় হান্নান শাহ এ কথা বলেন। জাতীয়তাবাদী প্রজন্ম ’৭১ নামের একটি সংগঠন তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওই আলোচনা সভার আয়োজন করে।
গত শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের যৌক্তিকতা তুলে ধরেন। তিনি বলেন, এই বিদ্যুৎকেন্দ্র হলে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না।
প্রধানমন্ত্রীর উদ্দেশে হান্নান শাহ বলেন, আদেশ দিয়ে মন্ত্রী বানানো যায়, কিন্তু সুন্দরবন বানানো যাবে না। তাই সুন্দরবন রক্ষায় রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা যাবে না। কিন্তু এরপরও সরকার বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে চাইলে বিএনপি এর প্রতিবাদে অবশ্যই মাঠে নামবে। এতে কোনো দ্বিমত নেই।
প্রধানমন্ত্রীর এক বক্তব্যের জবাবে হান্নান শাহ বলেন, দেশে এমনিতেই ২০ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। আর ৪ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ করলে কিছু হবে না।
হান্নান শাহ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাইলে জঙ্গিদের জীবিত ধরতে পারত। তাহলে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা যেত। জনগণকে বিভ্রান্ত করতে বিভিন্ন ধরনের তথ্য দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, কয়েক দিন আগে তিনি পত্রিকায় দেখেছেন তামিম চৌধুরী ভারতে। তামিম কীভাবে নারায়ণগঞ্জে চলে এলেন, তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন।
জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহারে মন্ত্রিসভা কিমটির সিদ্ধান্তের বিষয়ে বিএনপির এই নেতা দাবি করেন, জিয়াউর রহমান দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। এ কারণেই আওয়ামী লীগ তাঁকে অপছন্দ করে।
ঢালি আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে জাগপার সভাপতি শফিউল আলম প্রধান প্রমুখ বক্তব্য দেন।