রামপালে বিদ্যুৎকেন্দ্র না করার দাবি বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের কাছে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র না করার দাবি জানিয়েছে বিএনপি। এ প্রকল্প রামপাল থেকে সরিয়ে দেশের অন্য কোনো জায়গায় করার পরামর্শ দিয়েছে দলটি।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন এই দাবি জানান।
রিপন বলেন, বিদ্যুৎ দরকার। বিদ্যুতের অনেক বিকল্প উৎসও আছে। কিন্তু সুন্দরবনের কোনো বিকল্প নেই। সাড়ে ১৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য ভবিষ্যতে যে ঝুঁকি দাঁড়াবে তা অত্যন্ত ভয়াবহ। ইউনেসকোসহ দেশে-বিদেশে পরিবেশবাদীরা রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে আপত্তি ও উদ্বেগ জানিয়ে আসছে। কিন্তু সরকার একগুয়েমি থেকে সরছে না।
বিএনপির মুখপাত্র বলেন, সুন্দরবন এলাকার বাইরে দেশের যেকোনো জায়গায় এ বিদ্যুৎ প্রকল্প করা হলে বিএনপি আপত্তি করবে না। এমনকি বিদ্যুৎ উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী বা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর এলাকায় এ প্রকল্প করলেও বিএনপির আপত্তি নেই। বিএনপিও চায় প্রকল্পটি হোক, কিন্তু রামপালে নয়।