
রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সিদ্ধান্তকে ‘দেশবিরোধী’ ও ‘গণবিরোধী’ বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, সুন্দরবনকে নিশ্চিত ধ্বংসের চক্রান্ত সফল হতে দেওয়া যায় না, দেওয়া উচিত নয়।
গতকাল বুধবার বিকেলে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়া এ কথা বলেন। রামপালে কয়লাভিত্তিক এই বিদ্যুৎ প্রকল্পের ক্ষতিকর ও বাংলাদেশের স্বার্থহানির নানা তথ্য-উপাত্ত তুলে ধরে খালেদা জিয়া বলেন, বিদ্যুৎ উৎপাদনের অনেক বিকল্প আছে, বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনেক বিকল্প স্থানও আছে। কিন্তু সুন্দরবনের কোনো বিকল্প নেই।
বিএনপির চেয়ারপারসন বলেন, ‘কোটি কোটি অধিবাসীকে নিশ্চিত বিপদের দিকে ঠেলে দেওয়ার যেকোনো অপচেষ্টার প্রতিবাদ করার দায়িত্ব আমাদের সবার। আমরা রামপালের সব কয়লা-বিদ্যুৎ প্রকল্প বাতিল করতে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। এ দাবির পক্ষে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।’
বাগেরহাট জেলার রামপালে কয়লা-বিদ্যুৎকেন্দ্র প্রতিষ্ঠার প্রতিবাদে এ সংবাদ সম্মেলন ডাকা হয়। খালেদা জিয়া বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবি করলেও কোনো কর্মসূচি দেননি। সংবাদ সম্মেলনে তিনি শুধু রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিষয়েই তাঁর বক্তব্য সীমিত রাখেন।
রামপাল নিয়ে বিএনপির পরবর্তী রাজনৈতিক কর্মসূচির বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে খালেদা জিয়া সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘এই বিষয়টা আমাদের সবার। এটা শুধু বিএনপি, আওয়ামী লীগ অথবা অন্য কারও বিষয় নয়; এটা সারা দেশের বিষয়। সে জন্য আজকে কোনো প্রশ্ন না করে রামপালের বিষয়টি আপনারা দেশবাসীর কাছে তুলে ধরুন। এটা আমার অনুরোধ।’
সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা এবং ২০-দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।
খালেদা জিয়া বলেন, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের মাত্র ১৪ কিলোমিটার দূরে রামপালে ১ হাজার ৩২০ মেগাওয়াট এবং ১০ কিলোমিটার দূরে আরেকটি ৫৬৫ মেগাওয়াট কয়লা-বিদ্যুৎকেন্দ্র প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলেছে। সুন্দরবনের এত কাছে স্থাপিত কয়লা-বিদ্যুৎ প্রকল্পের মারাত্মক ক্ষতিকর প্রতিক্রিয়ার সব প্রমাণ উপস্থাপনের পরও সরকার তার অবস্থান পরিবর্তনে অস্বীকৃতিই জানাচ্ছে না, বরং দ্রুত এই দেশবিরোধী সিদ্ধান্ত বাস্তবায়নে উদ্যোগী হয়েছে।
রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পটিকে বাংলাদেশের জন্য ‘অলাভজনক’ ও ‘লোকসানি’ উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন, প্রকল্পের ১৫ শতাংশ অর্থ জোগান দেবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), ১৫ শতাংশ ভারতীয় কোম্পানি এনটিপিসি। বাকি ৭০ শতাংশ ব্যাংকঋণ নেওয়া হবে। কোম্পানি বন্ধ হলে বা ঋণ পরিশোধে ব্যর্থ হলে পুরো ঋণের টাকা পরিশোধ করতে হবে বাংলাদেশকে। তিনি বলেন, উৎপাদিত বিদ্যুৎ কিনবে পিডিবি। আর যে নিট লাভ হবে, তা ৫০ শতাংশ হারে পিডিবি ও এনটিপিসির মধ্যে ভাগ হবে। অথচ শতভাগ পরিবেশ ধ্বংস হবে শুধুই বাংলাদেশের। ১৫ শতাংশ বিনিয়োগ করে ভারতীয় প্রতিষ্ঠান ৫০ শতাংশ মুনাফা নেবে এবং ট্যাক্স ফ্রি সুবিধার আওতায় মুনাফার পুরো টাকা তাদের দেশে নিয়ে যাবে।
খালেদা জিয়া বলেন, জেনেশুনে এমন একটি লোকসানি প্রকল্পে সরকার কী উদ্দেশ্যে এবং কার স্বার্থে জড়াল, এটাই জনগণের প্রশ্ন। এই প্রশ্নের কোনো সন্তোষজনক জবাব নেই বলেই সরকার এ প্রকল্পের বিরোধিতাকারীদের পুলিশ দিয়ে লাঠিপেটা করছে। এটি কেবল সন্দেহজনক নয়, বরং গভীর উদ্বেগেরও বিষয়।
ভারতের মধ্যপ্রদেশের নরসিংহপুর জেলায় ১ হাজার ৩২০ মেগাওয়াটের রামপাল কয়লা-বিদ্যুৎকেন্দ্রের মতো একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রস্তাব ভারত সরকারের বাতিল করার কথা উল্লেখ করে বিএনপির নেত্রী বলেন, নরসিংহপুরের জনবসতি, কৃষিজমি ও স্থানীয় নর্মদা নদী থেকে ঘণ্টায় ৩২ কিউসেক পানি উত্তোলন করতে হবে বিধায় প্রকল্পটি বাতিল করা হয়। তিনি বলেন, বাগেরহাট জেলার আয়তন নরসিংহপুরের চেয়ে অনেক কম। জনসংখ্যার ঘনত্ব নরসিংহপুরের চেয়ে অনেক বেশি, ৩৮২ জন।
খালেদা জিয়া উল্লেখ করেন, ভারতের যে প্রতিষ্ঠান নরসিংহপুরের প্রকল্পের প্রস্তাব করেছিল, সেই ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশনের (এনটিপিসি) সঙ্গে যৌথভাবে রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি করেছে সরকার। নরসিংহপুরের প্রকল্পটি ছিল ১ হাজার একর জমির ওপর। অথচ রামপালে একই আকারের বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য ১ হাজার ৮৩৪ একর জমি দিয়েছে সরকার।
খালেদা জিয়া বলেন, ভারতীয় প্রতিষ্ঠান এনটিপিসি রামপালে ‘শূন্য নির্গমন’ নীতি অনুসরণ করছে না। ভারতে সংরক্ষিত বনাঞ্চলের ২৫ কিলোমিটারের মধ্যে কয়লা-বিদ্যুৎকেন্দ্র স্থাপনে আইনি বাধা আছে। এ কারণে ২০১২ সালে তামিলনাড়ুতে, ২০০৮ সালে কর্নাটকে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তাব বাতিল করে ভারত সরকার। অথচ জনগণ ও দেশের স্বার্থের প্রতি উদাসীন বাংলাদেশ সরকার সুন্দরবন থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমতি দিয়েছে।
খালেদা জিয়া বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্রের সবচেয়ে ক্ষতিকর বর্জ্য হবে দুই ধরনের কয়লা পোড়া ছাই। ফ্লাই অ্যাশ, বটম অ্যাশ এবং তরল ঘনীভূত ছাই বিপজ্জনক মাত্রায় পরিবেশ দূষণ করে নিউমোনিয়াসহ ফুসফুসের রোগ সৃষ্টি করবে। এ প্রকল্পের কঠিন বর্জ্যের একটি অংশ দিয়ে ১ হাজার ৪১৪ একর স্থানীয় নিচু জমি ভরাট করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে বর্জ্য বাতাসে উড়ে আশপাশের এলাকা এবং পানিতে ভিজে ভূগর্ভের পানির সঙ্গে মিশে নদীর পানি বিষাক্ত করবে।
খালেদা জিয়া বলেন, বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে ধ্বংসকারী এবং পরিবেশ বিষাক্তকারী রামপাল কয়লা-বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য ঋণ না দিতে ভারতের এক্সিম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার প্রতি আহ্বান জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের ১৪৯টি সামাজিক ও পরিবেশবাদী সংগঠন। এর পরিপ্রেক্ষিতে ফ্রান্সের তিনটি ব্যাংক এবং নরওয়ের রাষ্ট্রীয় মালিকানাধীন দুটি ‘পেনশন ফান্ড’ এ প্রকল্পে ঋণ দিতে অস্বীকৃতি জানিয়েছে।