রামপালের বিরোধিতা করে জনসমর্থন পাবেন না: নাসিম
রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতাকারীদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতা করে পত্রিকায় শিরোনাম হতে পারেন। কিন্তু জনগণের সমর্থন আপনারা কোনো দিন পাবেন না। রামপাল বিদ্যুৎকেন্দ্র আমরা করছি এবং করব।’
গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত স্মরণসভায় মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।
নাসিম বলেন, আওয়ামী লীগের বিরোধিতা করলে কোনো অসুবিধা নেই। আমাদের বিরুদ্ধে রাজনৈতিক সমালোচনা করলে কোনো অসুবিধা নেই। ভুলত্রুটি ধরে দিলেও কোনো অসুবিধা নেই। কিন্তু জঙ্গিদের সমর্থন করা, তাদের আশ্রয় দেওয়া, মদদ দেওয়া মহা অন্যায়, মহাপাপ।
মানবতাবিরোধী অপরাধের দায়ে মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের বিষয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘জামায়াতের ধনকুবের মীর কাসেম আলী তাঁর ধনসম্পদ দিয়ে এই বিচারকে বানচাল করার বহু চেষ্টা করেছিল। আন্তর্জাতিক পর্যায়ে লবিস্ট নিয়োগ করেছিল। আশার কথা হলো, ছয়জন যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর করা হয়েছে। তাঁরও ফাঁসি হয়েছে।’