রামুর ঘটনায় আ.লীগ জড়িত: খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ নিজেদের অপকর্ম ঢাকতে ও মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরাতে রামুর মতো ঘটনা ঘটায় বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, কক্সবাজারের রামুতে বৌদ্ধমন্দিরে হামলা ও বৌদ্ধদের বাড়িঘরে হামলার ঘটনার সঙ্গে আওয়ামী লীগের লোকজন জড়িত ছিল। এটা সবার কাছে পরিষ্কার।
গতকাল সোমবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম জেলা কমিটি আয়োজিত ‘রামু ট্র্যাজেডি স্মরণে’ এক আলোচনায় খালেদা জিয়া এ মন্তব্য করেন।
বিএনপির চেয়ারপারসন অভিযোগ করেন, রামুর ঘটনায় যারা জড়িত ছিল, তাদের গ্রেপ্তার না করে অন্যদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগের কাছে কোনো ধর্মের মানুষ নিরাপদ নয়। তারা শাপলা চত্বরে নিরীহ মুসলমানদের হত্যা করেছে। বিভিন্ন এলাকায় হিন্দু-খ্রিষ্টানদের ওপর নির্যাতন করেছে। আওয়ামী লীগের সময়ই সবচেয়ে বেশি সংখ্যালঘু দেশ ছেড়েছে।
খালেদা জিয়া নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় আবারও র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসানের গ্রেপ্তার দাবি করেন বলেন, র্যাবের কয়েকজন সদস্যকে ধরা হলেও আসল গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। তিনি বলেন, ‘র্যাবের জিয়াকে চাকরি থেকে বিদায় করতে হবে, গ্রেপ্তার করতে হবে। তাকে ধরে কার নির্দেশে সে এ ঘটনা ঘটিয়েছে, তা বলতে হবে।’ তিনি র্যাব বিলুপ্তিরও দাবি জানান।
এখন দেশে কোনো সরকার নেই মন্তব্য করে খালেদা জিয়া বলেন, সংসদ বসিয়েছে, যেখানে ভালো কোনো আলোচনা হয় না। গালাগালি, সমালোচনা ছাড়া কিছুই হয় না। আওয়ামী লীগ ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য নানা রকম আইন করছে। সম্প্রচার নীতিমালা করে সাংবাদিক ও গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করার চেষ্টা করছে। বিচার বিভাগকে নিজেদের অধীনে আনতে সংবিধান সংশোধন করছে।
আওয়ামী লীগ পুরো শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে বলে অভিযোগ করে খালেদা জিয়া বলেন, বাহবা নেওয়ার জন্য পাসের হার বাড়িয়ে দেওয়া হয়েছে। মেধাবীরা হতাশ হয়ে পড়ছে। আজকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পাস করতে পারছে না।
আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুকোমল বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।