রায়পুরে দেড় বছর ধরে যুবলীগের কমিটি নেই
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ও পৌর যুবলীগের কমিটি গত বছরের জানুয়ারি মাসে বিলুপ্ত করা হয়। এরপর দেড় বছরের বেশি সময় পার হলেও আর কোনো কমিটি করা হয়নি। এতে দলীয় কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে।
এদিকে ইতিমধ্যে সাত-আটটি কমিটি কেন্দ্রীয় যুবলীগের কাছে জমাও পড়েছে। কিন্তু কেন্দ্র থেকে কোনোটির অনুমোদন দেওয়া হয়নি।
উপজেলা ও পৌর যুবলীগ সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ভেতর থেকে গত বছরের ২১ জানুয়ারি দরপত্রের বাক্স ছিনতাই করেন যুবলীগের কয়েকজন নেতা। এরপর জেলা যুবলীগ থেকে উপজেলা ও পৌর যুবলীগের কমিটি বিলুপ্ত করা হয়। এখনো কোনো কমিটি না হওয়ায় উপজেলায় কোনো সাংগঠনিক কর্মসূচি নেই। কেন্দ্রীয় ও জেলা যুবলীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা চাচ্ছেন সম্মেলন না করে তাঁদের পছন্দের লোক দিয়ে পকেট কমিটি করতে।
উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক কামরুল হাসান বলেন, ‘সাত-আটটি কমিটি কেন্দ্রীয় যুবলীগের কাছে অনুমোদনের জন্য জমা দেওয়া হয়। কিন্তু নেতা-কর্মীদের দাবি, সম্মেলনের মাধ্যমে কমিটি করা হোক। জেলা যুবলীগ কয়েকবার সম্মেলন করার তারিখ দেয়। কিন্তু রহস্যজনক কারণে তা আর হয়নি। এ ছাড়া ওই সময় দরপত্রের বাক্স ছিনতাইয়ের সঙ্গে আমরা জড়িত ছিলাম না।’
জানতে চাইলে লক্ষ্মীপুর জেলা যুবলীগের আহ্বায়ক সৈয়দ আহাম্মেদ পাটোয়ারী বলেন, ‘নানা কারণে দেড় বছরেও কমিটি করতে পারিনি। অচিরেই সম্মেলনের মাধ্যমে কমিটি করা হবে।’