রায়পুরে সম্মেলন, ঢাকায় কমিটি
ঢাকায় রায়পুর উপজেলা ও পৌর বিএনপির আংশিক কমিটি গঠন করা হয়েছে। দুই কমিটিতে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় সংঘর্ষের আশঙ্কায় ঢাকায় বসে কমিটি গঠন করে জেলা কমিটি।
দলীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রায়পুর জেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন হয়। ওই দিন উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার ও পৌর বিএনপির সভাপতি এ বি এম জিলানী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। কিন্তু সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদের নেতা নির্বাচন চূড়ান্ত না করেই তড়িঘড়ি করে সম্মেলন শেষ করা হয়। সম্মেলনে প্রধান অতিথি লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভূঁইয়াও উপস্থিত হননি।
দলীয় সূত্রে আরও জানা যায়, গত শুক্রবার স্থানীয় নেতা-কর্মীরা ঢাকায় মহানগর বিএনপির কার্যালয়ে জড়ো হন। দুপুর থেকে রাত পর্যন্ত চলে সমঝোতা বৈঠক। জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া ওই বৈঠকে উপস্থিত ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সমঝোতা হয়নি। পরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। কাউন্সিলরদের ভোটে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে নাজমুল ইসলাম মিঠু ও সাংগঠনিক সম্পাদক পদে মোবারক হোসেন মাস্টার নির্বাচিত হন। আর পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদে এম এ জাহের ও সাংগঠনিক সম্পাদক পদে দেলোয়ার হোসেন নির্বাচিত হন।
কয়েকজন জ্যেষ্ঠ নেতা জানান, উপজেলা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে চার-ছয়জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সব প্রার্থীই তাঁদের সমর্থক নেতা-কর্মী সম্মেলনস্থলে জড়ো করেন। পকেট কমিটি করলে পরাজিত প্রার্থীদের সমর্থকদের হামলা বা ভাঙচুর করার আশঙ্কা ছিল। তখন পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে যেত। এ জন্য তড়িঘড়ি করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু শুক্রবার ঢাকায় কমিটি করার ঘোষণা দিয়ে সম্মেলন শেষ করেন।
পৌর বিএনপির সভাপতি এ বি এম জিলানী বলেন, বিএনপি একটি বড় দল। এখানে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবেই। ২০০৪ সালে পৌর বিএনপি ও ২০০৫ সালে উপজেলা বিএনপির সর্বশেষ সম্মেলন হয়। জেলা বিএনপির সভাপতি অসুস্থ থাকায় নেতা-কর্মীরা ঢাকায় গেছেন। তিনি ঢাকায় উপস্থিত থেকে কমিটি করেন।
জানতে চাইলে জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া বলেন, কোনো পকেট কমিটি আর হবে না। তৃণমূলের নেতা-কর্মীরাই নেতা নির্বাচন করবেন। কাউন্সিলরদের ভোটে নেতা নির্বাচিত হয়েছে।