রায়ে শ্রদ্ধা আ.লীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে চট্টগ্রামের আলবদর বাহিনীর প্রধান মীর কাসেম আলীর ফাঁসির রায়ে শ্রদ্ধা ও সন্তোষ প্রকাশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
রায়ের পর গতকাল রোববার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক দলের পক্ষে সংবাদ সম্মেলনে এই সন্তোষ জানান। তিনি হুঁশিয়ার করে বলেন, রায়ের প্রতিক্রিয়ায় জামায়াত-শিবির কোনো নাশকতা করলে ‘ইটটি মারলে পাটকেল খেতে হবে’।
লিখিত বক্তব্যে জাহাঙ্গীর কবির বলেন, ‘মীর কাসেম আলীর সর্বোচ্চ সাজায় স্বাধীনতাপ্রিয় দেশবাসীর সঙ্গে রায়ের প্রতি শ্রদ্ধা ও সন্তোষ প্রকাশ করছি। যতটুকু খবর পেয়েছি, স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধী দল আহূত হরতালে জনগণের ওপর কোনো প্রভাব পড়েনি। তবে তাদের নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় জনগণের স্বাভাবিক কর্মকাণ্ড কিছুটা বাধাগ্রস্ত হয়েছে।’
নাটোরে গত শনিবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া ভাষণের বিষয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘খালেদা জিয়া বলেছেন, তিনি আর প্রধানমন্ত্রী হবেন না। তাঁকে জিজ্ঞেস করি প্রধানমন্ত্রী হওয়া কী আলাউদ্দিনের চেরাগ না কি মামার বাড়ির মোয়া।’ জনসভার অনুষ্ঠান কেউ যেন লাইভ না দেখতে পারে সে জন্য সারা দেশে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে—খালেদা জিয়ার এমন মন্তব্যের বিষয়ে তিনি বলেন, ‘দুর্যোগ ও দুর্ঘটনা কারোরই কাম্য হতে পারে না। কিন্তু দুইবারের প্রধানমন্ত্রীর মুখে যখন উচ্চারিত হয় তাঁর জনসভার কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করার জন্য বিভ্রাট সৃষ্টি করা হয়েছে, তখন এই উক্তি তিনি যদি প্রমাণে ব্যর্থ হন, তাহলে নাকে খত দিয়ে রাজনীতি থেকে তাঁর বিদায় নেওয়া উচিত।’
বাংলাদেশে বর্তমানে হিটলারি শাসন চলছে—খালেদা জিয়ার এমন মন্তব্যের বিষয়ে জাহাঙ্গীর কবির বলেন, ‘তাঁর (খালেদা) স্বামী জিয়া ছিলেন হিটলার। সেখান থেকেই তিনি হিটলারি শাসন শিখেছেন। তাঁর আমলে যে হিটলারি শাসন চলেছে, তা ঢাকতেই তিনি এমন মন্তব্য করেছেন।’