রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে বাংলাদেশের অবস্থান যৌক্তিক: হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে বাংলাদেশের অবস্থান অত্যন্ত যৌক্তিক। ঢালাওভাবে কোনো পক্ষ নেওয়া সমীচীন হবে না। বরং এ ইস্যুতে বিএনপির রাজনৈতিক বক্তব্য যুক্তিসংগত হয়নি।
আজ রোববার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে কুমিল্লা দক্ষিণ জেলা কমিটির নেতাদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, নির্বাচনে জিততে পারবে না জেনেই বিএনপি পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে ভোট দেবে, এমন কোনো কাজ এ দল করেনি।
দ্রব্যমূল্য নিয়ে বিএনপি বিভ্রান্তিকর ও উসকানিমূলক বক্তব্য দিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে বলে দাবি করে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণেই দেশে দ্রব্যমূল্য কিছুটা বেড়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। কেউ যেন বাজার নিয়ে কোনো কারসাজি করতে না পারে, এ ব্যাপারে সরকার সজাগ। অথচ বিএনপি এ নিয়ে অহেতুক রাজনৈতিক বক্তব্য দিচ্ছে।
বিএনপির সমালোচনা করে মাহবুব উল আলম হানিফ বলেন, সবকিছুতেই সরকারের সমালোচনা করা বিএনপির রাজনৈতিক স্ট্যান্টবাজি। এ মুহূর্তে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।