বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান বলেছেন, সালাহ উদ্দিন আহমদের নিখোঁজ হওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে কথা উঠেছে। তাঁর সন্ধানে সরকার জনগণকে যেসব তথ্য দিচ্ছে, তাতে প্রমাণিত হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কতটা দুর্বলতা রয়েছে।
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নিখোঁজ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিনের গুলশানের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সহমর্মিতা জানান মাহবুবুর রহমান। সেখান থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় সালাহ উদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদকে মাহবুবুর রহমান বলেন, ‘রাষ্ট্র ব্যর্থ হলে আপনি এফবিআইর সহায়তা নিন।’ তিনি বলেন, সালাহ উদ্দিনের বিষয়ে সরকারের মন্ত্রী-এমপিরা যে ধরনের বক্তব্য দিচ্ছেন, তাকে নিছক রসিকতা ছাড়া আর কিছু বলা যায় না।
হাসিনা আহমদ সাংবাদিকদের বলেন, ‘আমার স্বামীকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে, এ কথা তারা অস্বীকার করতে পারবে না।’ তাঁর স্বামীকে দ্রুত আদালতে বা জনসমক্ষে হাজিরের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।
মাহবুবুর রহমানের সঙ্গে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি শামা ওবায়েদ ছিলেন।