বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বাংলাদেশে মানবাধিকার শুধু হুমকির মুখেই নয়, ধ্বংসপ্রাপ্ত। রাষ্ট্র স্বয়ং মানবাধিকার হরণ করছে।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে মানবাধিকার দিবস সম্পর্কে বলতে গিয়ে মির্জা ফখরুল এ অভিযোগ করেন। বিদ্যুৎ, জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির পাঁয়তারার প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করা হয়।
মির্জা ফখরুল বলেন, সরকার যদি বিদ্যুৎ, গ্যাস ও তেলের দাম বাড়ায়, তাহলে জনগণ রাজনৈতিক দল ও শক্তির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করতে বদ্ধপরিকর। যেদিন থেকে দাম বাড়ানো হবে, সেদিন থেকে লাগাতার কর্মসূচি দেওয়া হবে। তিনি বলেন, সাবেক মহাজোট সরকার ও বর্তমান ‘অনির্বাচিত ও অবৈধ’ সরকারের প্রায় ছয় বছরে বিদ্যুতের পাইকারি ও খুচরা দাম বাড়ানো হয়েছে ছয়বার। এখন আবার দাম বাড়ানোর পাঁয়তারা করছে। এর আগে ‘অবৈধ’ তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরে বাড়ানো হয় দুই বার। অথচ চারদলীয় জোট সরকারের আমলে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল মাত্র একবার।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, মহাজোট ও অনির্বাচিত সরকারের পুরো সময়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সীমাহীন দুর্নীতি ও লুটপাট চলছে। এই দুর্নীতি ও লুটপাটের জন্য যাতে বিচারের মুখোমুখি হতে না হয়, সে জন্য স্পেশাল ইমারজেন্সি পাওয়ার অ্যান্ড এনার্জি অ্যাক্ট, ২০১০ জারি করে। এরপর এ আইনের মেয়াদ তিন দফায় নয় বছর বাড়ানো হয়। তিনি বলেন, ‘এ ধরনের ইনডেমনিটি আইন কেন করা হয়, তা আপনারা জানেন।’
গ্যাস খাতে সীমাহীন দুর্নীতি লাভের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমিয়ে দিচ্ছে বলে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, এ খাতের দুর্নীতি বন্ধ না করে গ্যাসের দাম কেন বাড়াতে হবে, তা বোধগম্য নয়। তাঁর অভিযোগ, বিদ্যুৎ খাতের টেকসই উন্নয়নের জন্য সরকার কোনো ব্যবস্থা নেয়নি। তারা এখন যেসব প্রকল্প নিচ্ছে তা ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। বিদ্যুৎ উৎপাদনে ব্যক্তি খাতে বিদেশি বিনিয়োগকে যেভাবে প্রশ্রয় দেওয়া হচ্ছে, তাতে ভবিষ্যতে বিদেশি উদ্যোক্তাদের বিদেশি মুদ্রায় বিনিয়োগ ও মুনাফার অর্থ পরিশোধ করতে গেলে অর্থনীতি মারাত্মক ক্ষতির মুখে পড়বে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাবুদ্দিনের বক্তব্যের সমালোচনা করেন।