রাষ্ট্রপতি পদে আবদুল হামিদের মনোনয়ন জমা

রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে নির্বাচন ভবনে এক প্রতিনিধিদল মনোনয়নপত্র জমা দেয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা মনোনয়নপত্র গ্রহণ করেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরে নেতৃত্বে প্রতিনিধিদল নির্বাচন ভবনে যায়। দলে আরও ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সংসদে সরকারি দলের চিফ হুইপ আ স ম ফিরোজ প্রমুখ।
আজ ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ১৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন হবে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, আজ বেলা দুইটা পর্যন্ত আবদুল হামিদ ছাড়া আর কেউ রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেননি। যদি আর কোনো প্রার্থী না থাকেন, তাহলে আবদুল হামিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।